গাড়ি ছিনতাই চক্রের পাঁচ সদস্য গ্রেফতার
প্রকাশ : ১০ অক্টোবর ২০১৩, ২২:১৪
গাড়ি ছিনতাইকারী চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার রাতে রাজধানী ও আশপাশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মঞ্জু মিয়া, আহমদ আলী, দুলাল, আব্দুস সাত্তার ও সোহেল আনোয়ার। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৯টি ছিনতাইকৃত প্রাইভেটকার, ১টি মাইক্রোবাস ও ৩টি মোটরসাইকেল।
গতকাল দুপুরে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে এক সাংবাদিক সম্মেলনে গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম জানান, পূজা ও ঈদ সামনে রেখে সংঘবদ্ধ গাড়ি ছিনতাইকারীরা রাজধানীতে ছিনতাইয়ের চেষ্টা চালিয়ে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি বুধবার রাতে নরসিংদী জেলায় বিশেষ অভিযান চালিয়ে সাদা রংয়ের একটি চোরাই প্রাইভেটকার উদ্ধার করে। এসময় মঞ্জু ও আহমদ আলী নামে দুজনকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয় সাভারে। সেখান থেকে উদ্ধার করা হয় ৩টি প্রাইভেটকার। এরপরে রাতে উত্তরা পূর্ব থানা ও ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে দুলাল ও সাত্তার নামে আরো দু’জনকে ১টি প্রাইভেটকারসহ গ্রেফতার করা হয়। এই দু’জনের দেয়া তথ্যের ভিত্তিতে আবার অভিযান চালানো হয় রাজধানীর শেওড়াপাড়া, কাকরাইল ও মগবাজারে। এসব স্থান থেকে আটক করা হয় ৩টি মোটর সাইকেল, ১টি মাইক্রোবাস ও ৪টি প্রাইভেটকার।
মনিরুল ইসলাম জানান, এই চক্রটি এসব ছিনতাইকৃত গাড়ি ও মোটরসাইকেল নিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটায়। তারা মাইক্রোবাস, প্রাইভেটকার, মোটরসাইকেল ছিনতাই করে চেসিস নম্বর পরিবর্তন করে অন্য লোকজনের কাছে বিক্রি করে দিচ্ছে। বিআরটিএ’র এক শ্রেণির অসাধু কর্মকর্তা তাদের ছিনতাইকৃত গাড়ির ভুয়া কাগজপত্র তৈরি করে দেয়।