‘কাজী মোতাহার হোসেন ছিলেন শিক্ষকদের শিক্ষক’
প্রকাশ : ১০ অক্টোবর ২০১৩, ২২:১৫
জাতীয় অধ্যাপক ড. কাজী মোতাহার হোসেনের ৩২তম মৃত্যুবার্ষিকীর স্মারক বক্তৃতা অনুষ্ঠানে বক্তারা বলেছেন, শিক্ষকরা সমাজ গড়ার প্রধান কারিগর। কিছু মানুষের কীর্তি এ পেশাকে করেছে আরো মহান। মহান শিক্ষকদের আদর্শ অনুসরন করেই সমকালীন ও পরবর্তী কালের শিক্ষকরা পথ নির্দেশ পান। অধ্যাপক ড. কাজী মোতাহার হোসেন ছিলেন শিক্ষকদের শিক্ষক।
গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে এ “কাজী মোতাহার হোসেন স্মারক বক্তৃতা, বৃত্তি ও সম্মাননা প্রদান” অনুষ্ঠানের আয়োজন করে কাজী মোতাহার হোসেন ফাউন্ডেশন এবং বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান, প্রাণ পরিসংখ্যান ও তথ্য পরিসংখ্যান বিভাগ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।
কাজী মোতাহার হোসেন ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক সন্জীদা খাতুনের সভাপতিত্বে “কাজী মোতাহার হোসেন মানস” শীর্ষক স্মারক বক্তৃতা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কলা অনুষদের প্রাক্তন ডিন অধ্যাপক কে এম মোহসীন।
অনুষ্ঠানে পরিসংখ্যান, প্রাণ পরিসংখ্যান ও তথ্য পরিসংখ্যান বিভাগের ২০১০ সালের এমএস পরীক্ষায় প্রথম স্থান অধিকারী ফারজানা আফরোজকে কাজী মোতাহার হোসেন পদক ও সম্মাননা এবং ২০১১ সালের বিএস সম্মান পরীক্ষায় প্রথম স্থান অধিকারী খন্দকার আকিব মোহাম্মদকে কাজী মোতাহার হোসেন বৃত্তি ও সম্মাননা পত্র প্রদান করা হয়। এছাড়া, ‘কাজী মোতাহার হোসেন’ শীর্ষক রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী কাঞ্চন কুমার সেনকে পুরস্কার প্রদান করা হয়।