চলে গেলেন কবি দিলওয়ার
প্রকাশ : ১০ অক্টোবর ২০১৩, ২২:২০
গণমানুষের কবি দিলওয়ার (৭৭) আর নেই। গতকাল বৃহস্পতিবার ভার্থখলার নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে... রাজেউন)।
বিকাল ৪টায় কবির লাশ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হয়। সেখানে সর্বস্তরের মানুষ তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। রাতে ভার্থখলা শাহী ঈদগাহে জানাজা শেষে পারিবারিক গোরস্তানে কবি দিলওয়ার চিরনিদ্রায় শায়িত হন।
পারিবারিকসূত্র জানায়, কবি দিলওয়ার দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। গত কয়েক মাস ধরে তার শারীরিক অবস্থার আরো অবনতি হয়। মৃত্যুকালে তিনি ৪ ছেলে, ৩ মেয়েসহ আত্মীয়-স্বজন ও অগণিত গুণগ্রাহী রেখে গেছেন।
কবি দিলওয়ারের প্রকাশিত গ্রন্থগুলোর মধ্যে রয়েছে- ‘ঐকতান’, ‘পূবাল হাওয়া, ‘উদ্ভিন্ন উল্লাস’, ‘বাংলা তোমার আমার’, ‘রক্তে আমার অনাদি অস্থি’, ‘বাংলাদেশ জন্ম না নিলে’ ইত্যাদি। ১৯৮১ সালে তিনি বাংলা একাডেমী পুরস্কার, ১৯৮১ সালে বাংলা একাডেমী ফেলোশিপ এবং ২০০৮ সালে একুশে পদকে ভূষিত হন।