নির্বাচনের আগে যে ওয়াদা করেছিলাম তা পূরণ করা হবে

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এমপি বলেছেন, পবিত্র রমজান মাস মুসলিম সম্প্রদায়ের জন্য জান্নাতের মাস। এ মাসে যারা গুনাহ মাফ করতে পারল না তাদের চেয়ে নাদান আর কে হতে পারে। তিনি আরো বলেন, নির্বাচনের আগে আপনাদের সঙ্গে যা যা ওয়াদা করেছিলাম, আমি সব পূরণ করব। অনেক বড় বড় প্রকল্পের কথা বলা হয়েছিল সব পূরণ করা হবে। বর্তমানে এমপির জন্য যে বরাদ্দ এসেছে সকল চেয়ারম্যানের মধ্যে তা বণ্টন করে দিয়েছি।

গতকাল শনিবার সন্ধ্যায় ঢাকার নবাবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে  উপজেলা আওয়ামী লীগ আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এ অনুষ্ঠানের আয়োজন করে। ইফতারের আগে সালমান এফ রহমান নবাবগঞ্জে উপজেলা মডেল মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।