রাজধানীর অস্থায়ী হাটগুলোতে কোরবানির পশু বিক্রি শুরু

ঈদ-উল-আজহার বাকি আর ৫ দিন। ইতিমধ্যেই রাজধানীর অস্থায়ী হাটগুলোতে কোরবানির পশু বিক্রি শুরু হয়েছে। আগামী শনিবার থেকে সিটি করপোরেশন পশু বিক্রির তারিখ ঠিক করে দিলেও পরে তারা এই শর্ত শিথিল করে। এতে ক্রেতা-বিক্রেতারা উভয়েই স্বস্তি প্রকাশ করেছেন। গতকাল বৃহস্পতিবার থেকে হাটগুলোতে বিক্রি শুরু হয়েছে। পশু ব্যবসায়ীরা আশা করছেন আজ শুক্রবার থেকে হাটগুলোতে পুরো দমে বেচা-কেনা শুরু হবে। অপরদিকে এবার পশুর হাটগুলোতে বেশি পশু উঠবে বলে আশা করছেন হাটের ইজারাদাররা। তারা জানিয়েছেন হাটের ভেতরে রয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সরেজমিনে দেখা গেছে, রাজধানীর প্রতিটি হাটেই পশুবাহী গাড়ি থেকে নামছে কোরবানির পশু। গাবতলী হাটে দেখা গেছে, ক্রেতা-বিক্রেতায় সরগরম পুরো হাট চত্বর। পশু সাজানোর সামগ্রী আর পশু খাদ্যের পসরা সাজিয়েছেন দোকানিরা। আর গরু-ছাগলের পাশাপাশি হাটে শোভা পাচ্ছে বড় আকারের উট। অন্যদিকে মাইকে চলছে ব্যাপক প্রচারণা। এরই মধ্যেই হাটের মূল চত্বরে প্যান্ডেল তৈরি করে পশু রাখার ব্যবস্থা করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে হাটের বিভিন্ন স্থানে বসানো হয়েছে সিসি ক্যামেরা। ২৫-৩০টি স্পটে ডিএমপি ইতিমধ্যে ক্লোজ সার্কিট ক্যামেরা বসিয়েছে। গাবতলী হাটের বার্ষিক ইজারাদারের পক্ষ থেকেও নেয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। ডিএমপির পাশাপাশি ঢাকা সিটি করপোরেশনও নিয়েছে বিশেষ ব্যবস্থা। ক্রেতাদের ভোগান্তি লাঘবে থাকবে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিশেষ টহল। কোনো ধরনের অনিয়ম চোখে পড়লে তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত আইনের ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া ইজারাদাররা গরু রাখার জন্য প্রয়োজনীয় বন্দোবস্ত আগেই করে রেখেছে। প্রত্যেক হাটে স্বেচ্ছাসেবক নিয়োগ দেয়া হয়েছে। পশুর হাটে ঢাকার বাইরে থেকে যেসব গরু ব্যবসায়ী ট্রাকে করে গরু আনছেন তাদের থাকা ও নিরাপত্তার ব্যবস্থাও করেছে হাট কর্তৃপক্ষ। সেই সাথে অনেক হাটে ব্যবসায়ীদের টাকা জমা রাখার বিশেষ ব্যবস্থাও রাখা হয়েছে। রাজধানীর গোলাপবাগ খেলার মাঠ, শাহজাহানপুর খেলার মাঠ, বারিধারা বাইপাস সংলগ্ন খালি জায়গায় গরুর হাট বসে পড়েছে। সকাল সন্ধ্যায় ট্রাকে ট্রাকে গরু আসছে এসব হাটে। ক্রেতাদের আকৃষ্ট করতে মাইকে বিরামহীন প্রচারণা ছাড়াও রাস্তায় তোরণ নির্মাণ করা হয়েছে। এসব হাটে গিয়ে দেখা গেলো, এক সপ্তাহ আগেই বেশ মোটাতাজা গরু উঠেছে। তবে খুব বেশি বিক্রি হচ্ছে না দাবি করে একজন গরু ব্যবসায়ী বলেন, কোরবানীর তিন দিন আগে পুরোদমে বিক্রি শুরু হয়। আশা করছি শুক্রবার থেকে পুরোদমে বিক্রি শুরু হবে। ঢাকার দুই সিটি করপোরেশন সূত্রে জানা যায়, রাজধানীতে বসছে ১৯টি অস্থায়ী কোরবানি পশুহাট। আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, খিলক্ষেত বনরূপা আবাসিক এলাকার মাঠ, উত্তরা সোনারগাঁও জনপদ মোড়ের মাঠ, আগারগাঁও তালতলা বাসস্ট্যান্ড, আগারগাঁও বস্তির খালি জায়গা, মিরপুর ৬ নম্বর সেক্টর ইস্টার্ন হাউজিং মাঠ, বারিধারা জে ব্লক বাইপাস সড়ক, বনানী স্টেশন সংলগ্ন মাঠ, ঝিগাতলা হাজারীবাগ মাঠ, রহমতগঞ্জ খেলার মাঠ, খিলগাঁও মেরাদিয়া বাজার, সাদেক হোসেন খোকা মাঠ, গোলাপবাগ মাঠের পাশের সিটি করপোরেশনের খালি জায়গা, আরমানিটোলা খেলার মাঠ, উত্তর শাহজাহানপুর খিলগাঁও রেলগেট বাজার সংলগ্ন মৈত্রীসংঘের মাঠ, ধুপখোলা ইস্ট এন্ড ক্লাব মাঠ, ব্রাদার্স ইউনিয়ন সংলগ্ন বালুর মাঠ, পোস্তগোলা শ্মশান ঘাট সংলগ্ন খালি জায়গা। এছাড়া গাবতলী হাটে পশু বেচা-কেনা হবে। এবার পশু ক্রয়-বিক্রয়ের ওপর হাসিল শতকরা ৫ টাকা নির্ধারণ করেছে সিটি করপোরেশন।