চট্টগ্রামে মাদ্রাসায় বিস্ফোরণে জড়িত সন্দেহে যুবক আটক

মাদ্রাসায় বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহে সাখাওয়াত ওরফে সাহাবুদ্দিন (১৮) নামে আরো এক যুবককে আটক করেছে পুলিশ। গত বুধবার রাতে নগরীর আকবর শাহ থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিটি গেট এলাকায় একটি যাত্রীবাহী বাস থেকে তাকে আটক করা হয়। আটকের পর সাখাওয়াতকে হাটহাজারী থানায় নিয়ে যাওয়া হয়। হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ খবর নিশ্চিত করে ইত্তেফাককে জানান, শ্যামলী পরিবহনের একটি বাসে করে সাহাবুদ্দিন ঢাকার দিকে যাচ্ছিল। তার শরীরের বিভিন্ন স্থানে বোমার আঘাতের চিহ্নও রয়েছে। গত সোমবার নগরীতে হেফাজতে ইসলামের নায়েবে আমীর মুফতি ইজহারুল ইসলাম চৌধুরী পরিচালিত জামেয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসার ছাত্রাবাসের একটি কক্ষে বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় নগরীর খুলশী থানায় পুলিশ বাদী হয়ে তিনটি মামলা করেছে।