গোদাগাড়ীতে বিএসএফের গুলিতে মারা গেছে কলেজ ছাত্র রাসেল
প্রকাশ : ১০ অক্টোবর ২০১৩, ২২:৩৪
রাজশাহী সীমান্তে গত সপ্তাহে পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে নৌকাডুবিতে নয়, বিএসএফের গুলিতে মারা গেছে গোদাগাড়ীর কলেজ ছাত্র রাসেল আলী।
বুধবার বিকালে বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক শেষে সন্ধ্যায় বিএসএফ নিহত রাসেলের লাশ বিজিবিকে ফেরত দেয়। বিজিবির সুবেদার শফিকুল ইসলাম বলেন, প্রথমে রাসেল নৌকাডুবিতে নিহত হয়েছে বলে ধারণা করা হয়েছিল। পতাকা বৈঠকে বসার পর তাকে গুলি করে হত্যার বিষয়ে আমরা নিশ্চিত হই এবং বিজিবির পক্ষ থেকে এই হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাই।
জানা গেছে, গত ৬ অক্টোবর রাজশাহীর গোদাগাড়ী সীমান্তের পদ্মা নদীতে মাছ ধরতে গিয়েছিল স্থানীয় দিয়াড়মানিক চর গ্রামের আশরাফুল ইসলামের ছেলে ও গোদাগাড়ী ডিগ্রী কলেজের প্রথম বর্ষের ছাত্র রাসেল আলী (১৮)। এসময় বিএসএফ সদস্যরা তাকে গুলি করে। পেটে গুলিবিদ্ধ হলে রাসেল নৌকা থেকে নদীতে পড়ে যায়। পরে ভারতের চরলবণগোলায় তার লাশ ভেসে উঠলে বিএসএফ সেটি স্থানীয় লালগোলা থানায় হস্তান্তর করে।