হজ্বে যেতে না পেরে যাত্রীদের বিক্ষোভ

হজ্বে যেতে না পেরে কয়েকশ’ হজ্ব যাত্রী গতকাল বৃহস্পতিবার রাজধানীর আশকোনায় অবস্থিত হজ্বক্যাম্পে বিক্ষোভ প্রদর্শন করেছেন। হজ্ব যাত্রীরা এ ব্যাপারে দায়ীদের শাস্তির দাবি জানিয়ে বলেন, হজ্বের মতো পবিত্র কাজে টাকা নিয়ে তাদের সাথে প্রতারণা করেছে সাউথ এশিয়া ওভারসীজ নেটওয়ার্ক, সৌদি হজ্ব এয়ারলাইন্সসহ কয়েকটি প্রতিষ্ঠান। বিমানবন্দর থানা জানিয়েছে, এসব হজ্ব যাত্রী দালালের খপ্পরে পড়েছেন। ফলে তাদের হজ্বে যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। দালালদের ধরার চেষ্টা চলছে। গতকাল বিক্ষোভরত হজ্ব যাত্রী মোহাম্মদ আলিম জানান, সাউথ এশিয়া ওভারসীজ নেটওয়ার্ক হজ্বে পাঠানোর জন্য তাদের কাছ থেকে টাকা নিলেও হজ্বে যাওয়ার কোন ব্যবস্থা করেনি। ময়মনসিংহের হাবিবুল্লাহ জানান, তার আত্মীয় মোসলেমউদ্দিন সৌদি হজ্ব এয়ারলাইন্স-এর মাধ্যমে হজ্বে যাওয়ার জন্য টাকা দিলেও এখন তিনি হজ্বে যেতে পারছেন না। জানা গেছে, চলতি বছর মোট ৯০ হাজার ২ জন (গাইডসহ) বাংলাদেশির পবিত্র হজ্ব পালনের কথা ছিল। গত বুধবার হজ্ব যাত্রীদের সিডিউলের শেষ ফ্লাইটে সৌদি আরব পৌঁছেছেন ৮৭ হাজার ৮৮৭ জন বাংলাদেশি হজ্ব যাত্রী। যেতে পারেননি দুই হাজার ১১৫ জন। অথচ আগামীকাল শনিবার হজ্বের আনুষ্ঠানিকতা শুরু হবে।