পুলিশ কম্পিউটার জব্দ করায় আপিল করা যাচ্ছে না

পুলিশের প্রতিবন্ধকতার কারণে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের দেয়া ফাঁসির রায়ের বিরুদ্ধে আপিল দায়ের করতে পারছেন না বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরী এমপি। এমন অভিযোগ করেছেন তার স্ত্রী ফারহাত কাদের চৌধুরী। গতকাল বৃহস্পতিবার তিনি ইত্তেফাককে বলেন, পুলিশ আমাদের আইনজীবী ব্যারিস্টার ফখরুল ইসলামের চেম্বারে অভিযান চালিয়ে মামলা সংক্রান্ত তথ্যাদি যে কম্পিউটারে সংরক্ষিত ছিলো সেটি নিয়ে গেছে। তাই আপিল আবেদন করা সম্ভব হচ্ছে না। ফারহাত কাদের অভিযোগ করে বলেন, ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল করা আমাদের সাংবিধানিক অধিকার। কিন্তু সেই অধিকার পালনেও পুলিশ প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। তিনি জানান, গ্রেফতার আতঙ্কে ওই চেম্বারের সকল আইনজীবী বর্তমানে পালিয়ে বেড়াচ্ছেন। যারা সকলেই ট্রাইব্যুনালে তার (সালাহউদ্দিন কাদের) পক্ষে মামলা পরিচালনা করছেন। এদিকে আগামী ১৯ দিনের মধ্যে ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে সালাহউদ্দিন কাদের চৌধুরীকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল দায়ের করতে হবে। গত ১ অক্টোবর মানবতাবিরোধী অপরাধে তাকে মৃত্যুদণ্ড দেয় যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-১। আইন অনুযায়ী রায় ঘোষণার ৩০ দিনের মধ্যে আপিল করতে হবে। ইতিমধ্যে আপিল বিভাগে মামলা পরিচালনার জন্য সালাহউদ্দিন কাদেরের পক্ষ থেকে সিনিয়র আইনজীবী ও অপরাধ আইন বিশেষজ্ঞ এডভোকেট খন্দকার মাহবুব হোসেনকে দায়িত্ব দেয়া হয়েছে। তবে তার চেম্বার থেকে ইত্তেফাককে জানানো হয়, মামলা পরিচালনার দায়িত্ব আমাদের দেয়া হলেও তার (সালাহউদ্দিন কাদের) পরিবার কোন নথিপত্র আমাদের দিতে পারছে না। ফলে আপিল আবেদনে বিলম্ব হচ্ছে।