ইত্তেফাক রিপোর্ট
মালয়েশিয়ার সাবেক উপ-প্রধানমন্ত্রী, বর্তমান সংসদ সদস্য ক্ষমতাসীন দলের সভাপতি ও জোট পাকাতান হারাপান-এর সভাপতি আনোয়ার ইব্রাহিমের সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেছেন মালয়েশিয়া সফররত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমদ এমপি। শুক্রবার দুপুর ১২টার দিকে আনোয়ার ইব্রাহিমের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার শহীদুল ইসলাম, কাউন্সিলর (শ্রম) জহিরুল ইসলাম, প্রথম সচিব (শ্রম) হেদায়েতুল ইসলাম মণ্ডল প্রমুখ।
গতকাল প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৈঠকে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে। এ সময় আনোয়ার ইব্রাহিম প্রতিমন্ত্রী ইমরান আহমদকে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের মানুষ অনেক পরিশ্রমী। এমন কর্মঠ বাংলাদেশি কর্মীদের বেতন-ভাতা, আবাসন এবং কল্যাণের বিষয়ে বর্তমান সরকার কাজ করছে। এছাড়া বিদেশি কর্মীদের সুষ্ঠু ও একক ব্যবস্থাপনা বিষয়েও মালয়েশিয়ার সরকার কাজ করছে।
এ সময় প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বাংলাদেশে বিনিয়োগ করার জন্য আহ্বান জানান।