গল্প নয় সত্যি
অপব্যবহার ঠেকাতে...
প্রকাশ : ১১ অক্টোবর ২০১৩, ২০:১২
সরকারি সম্পদের নয়-ছয় করা কিংবা সেগুলো ব্যক্তিগত কাজে লাগানোর ঘটনা বিশ্বের বহু দেশেই আকছার ঘটছে। এক্ষেত্রে এশিয়ার কিছু দেশ এগিয়ে থাকলেও সরকারি সম্পদের অপব্যবহার করে শিরোনাম হতে পিছ-পা হচ্ছে না পাশ্চাত্যের অনেক দেশও। তবে এ ধরনের সম্পদের অপব্যবহার বিশেষ করে সরকারি গাড়ির যথেচ্ছ ব্যবহার ঠেকাতেই এবার প্রশংসনীয় এক উদ্যোগ নিয়েছে চীনা সরকার। দেশটির ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির দুর্নীতিবিরোধী পর্যবেক্ষক দলের বরাত দিয়ে সম্প্রতি স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে যে সরকারি গাড়ির অপব্যবহার ঠেকাতে ইতোমধ্যেই কয়েক লক্ষ সরকারি গাড়িতে জিপিএস (গাড়ির অবস্থান নির্ণয়ের প্রযুক্তি) বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে দুর্নীতিগ্রস্ত কোনো কর্মকর্তা যদি তার ব্যক্তিগত প্রয়োজনে গাড়ি ব্যবহার করেন বা গাড়ির ব্যবহার সম্পর্কে ভুল তথ্য দিয়ে সরকারি কোষাগার থেকে অধিক অর্থ দাবি করেন তাহলে সেটা সহজেই চিহ্নিত করা যাবে। এ ছাড়া বিভিন্ন প্রদেশে সরকারি গাড়ির খরচের হিসাব আরও বিস্তারিতভাবে সংরক্ষণ করার ওপরও জোর দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। এদিকে কেন্দ্রীয় শৃঙ্খলা কমিশনের বরাত দিয়ে বেইজিং টাইমস পত্রিকা জানিয়েছে, প্রায় দুই লাখের বেশি সরকারি গাড়ি ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহারের তথ্য তাদের কাছে রয়েছে। এ ছাড়া ২০১১ সালে গুয়াংঝু প্রদেশে এ ধরনের একটি কার্যক্রম গ্রহণের সাফল্যের কথাও জানান তারা। এতে করে মাত্র এক বছরেই সরকারি গাড়ি বাবদ প্রদেশটির খরচ ৪২ মিলিয়ন ইউয়ান (প্রায় ৬৮ লক্ষ ডলার) কমে যায় যা গড়পরতা প্রতিটি গাড়িতে ৫০০০ ইউয়ান খরচ কমার সমতুল্য। উল্লেখ্য এ বছরের মার্চে রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রেসিডেন্ট জি জিনপিং দুর্নীতির বিরূদ্ধে যে সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করেছেন এ ধরনের উদ্যোগগুলো সেই কার্যক্রমেরই অংশ।