গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড
প্রকাশ : ১১ অক্টোবর ২০১৩, ২০:১৩
বোতলজাত পানি বা পানীয় খাওয়ার পর অধিকাংশ ক্ষেত্রেই এসব পানি ও পানীয়’র বোতলের স্থান হয় আস্তাকুঁড়ে। আর সেই আস্তাকুঁড় থেকে নানা হাত ঘুরে এই বোতলগুলোই হয়তো পরে আবার জমা হয় রিসাইক্লিং প্ল্যান্টে। তবে সম্প্রতি কলম্বিয়ার রাজধানী বোগোটার শহরতলীতে ফানডেসিয়ন সানার নামের একটি দাতব্য সংস্থার জন্য তহবিল সংগ্রহের উদ্দেশ্যে রীতিমতো রেকর্ড পরিমাণ ১৫৬,৪৬০ কেজি (৩৪৪,৯৩৫ পাউন্ড) ওজনের বোতলের ক্যাপ যেটি সবমিলিয়ে প্রায় ৭০ মিলিয়ন প্লাস্টিক ক্যাপের সম্মিলিত ওজনের সমান। মূলত ক্যান্সার আক্রান্ত শিশুদের জন্য তহবিল সংগ্রহের জন্য আট ঘণ্টায় সবচেয়ে বেশি পরিমাণ বোতলের ক্যাপ রিসাইকেলের এই উদ্যোগ গ্রহণ করে ফানডেসিয়ন সানার নামের এই দাতব্য সংস্থাটি। আর এজন্য গোটা কলম্বিয়ার সম্ভব প্রায় সবাই গেল এক বছর ধরে নিজেদের বা সম্মিলিত উদ্যোগে বোতলের ক্যাপ জমিয়ে পাঠাতে থাকেন সংস্থাটির ঠিকানায়। তা ছাড়া মাত্র আট ঘণ্টায় এ পরিমাণ প্লাস্টিকের ক্যাপ রিসাইক্লিংয়ের জন্য জড়ো করার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেয় দেশটির রাষ্ট্রীয় ডাক-বিভাগও।