মিয়ানমারে কাচিন বিদ্রোহীদের সঙ্গে সরকারের চুক্তি

মিয়ানমারের উত্তরাঞ্চলীয় কাচিন বিদ্রোহীদের সাথে একটি প্রাথমিক শান্তি চুক্তি সম্পন্ন করেছে দেশটির সরকার। গত বৃহস্পতিবার সরকার নিয়ন্ত্রিত মিটকিনা শহরে এ চুক্তি করা হয় বলে দেশটির সরকারি কর্তৃপক্ষ জানিয়েছে। কয়েক দশক ধরে চলমান লড়াইয়ের ইতি টানতে তিনদিন ধরে আলোচনার পর তারা এ শান্তি চুক্তিতে পৌঁছায়। সহিংসতা বন্ধে দুই পক্ষই একসাথে কাজ করার বিষয়ে একমত হয়েছে। এছাড়া যুদ্ধের কারণে যারা পালিয়ে গিয়েছিল তাদের পুনর্বাসনে একটি পরিকল্পনাও তারা তৈরি করবেন বলে জানানো হয়েছে। ২০১১ সালে কাচিন প্রদেশে সংঘর্ষ শুরু হলে সেসময় হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়ে। পুরো শান্তি প্রচেষ্টায় দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী অং মিন এটাকে সম্পর্কের একটি ‘বাঁক’ হিসাবে অভিহিত করেছেন। মিন বলেন, আমরা শুধু চিরস্থায়ী শান্তি জন্য কাজ করব এমন নয়,বরং একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি তৈরি করব আমরা। যেখানে থাকবে পারস্পরিক আপোষমূলক মনোভাব, শ্রদ্ধাবোধ এবং অনুধাবন ক্ষমতা। বিদ্রোহীদের মুখপাত্র দাও কা বার্তা সংস্থা এপি’কে বলেছেন, আমরা খুবই উত্সাহিত হয়েছি যে, সহিংসতা বন্ধে সরকার তাদের কথা রেখেছে। আঞ্চলিক স্বায়ত্তশাসনের দাবিতে গত ৬০ বছর ধরে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের সাথে সংঘর্ষে এক অস্থির পরিস্থিতি বিরাজ করছে মিয়ানমারে। ১৭ বছর ধরে চলা যুদ্ধবিরতিকালীন দেশটিতে বিচ্ছিন্নভাবে সংগঠিত সহিসংতায় নিহত হয় শত শত মানুষ।