ওয়াংখেড়েই হচ্ছে সেই টেস্ট

শচীন টেন্ডুলকারের বিদায়ী টেস্টটি হবে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। গতকাল শুক্রবার মুম্বাই ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি রবি সায়ন্ত এ তথ্য জানান। তিনি বলেন,‘টেন্ডুলকার তার বিদায়ী টেস্টটি ওয়াংখেড়েতে আয়োজনের ব্যাপারে ভারতের ক্রিকেট বোর্ডকে অনুরোধ জানিয়েছে। তিনি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় ও শেষ টেস্টটি মুম্বাইয়ে যেন আয়োজন করা হয়, এ ব্যাপারে তার আগ্রহের কথা জানিয়ে দেন।’ ভারতীয় ক্রিকেট বোর্ডের একজন কর্মকর্তা জানান মুম্বাই যে ঐতিহাসিক ম্যাচটি আয়োজন করতে যাচ্ছে তা একরকম নিশ্চিত। তবে এ ব্যাপারে সিদ্ধান্ত হবে বোর্ডের ট্যুরস এন্ড ফিক্সচার কমিটির সভায়। রাজিব শুকলার নেতৃত্বাধীন এ কমিটি ক্যারিবীয় সিরিজের ভেন্যু চূড়ান্ত করতে মঙ্গলবার বৈঠকে বসবে ।