প্রথম নবান্ন উত্সবে...

প্রথমবারের মতো বাংলার ঐতিহ্যবাহী নবান্ন উত্সব-১৪২৫ উদযাপন করলো জাপান প্রবাসী বৃহত্তর খুলনা সমিতি। গত ১১ নভেম্বর সন্ধ্যায় এ উত্সব পালন করা হয় জাপানের রাজধানী টোকিও শহরের ইয়াসকা স্টেশনের সেজাকি কমিউনিটি সেন্টারে।

বিদেশের মাটিতে থেকেও দেশীয় সংস্কৃতির ঐতিহ্য এবং ধারাবাহিকতা রক্ষায় উদ্দীপ্ত সমিতির ৩০০ সদস্য এতে অংশ নেন। বৃহত্তর খুলনার জাপান প্রবাসী ১৮টি পরিবারের মেয়েরা নিজেদের হাতে তৈরি রকমারি পিঠাপুলি, দেশীয় খাবার ও মিষ্টান্ন পরিবেশন করেন নবান্ন উত্সবে।

জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত ড. সাহিদা আকতার, কমার্সিয়াল কাউন্সিলর হাসান আরিফ ও কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিসহ উত্সাহী অনেক জাপানি নারী-পুরুষের পাশাপাশি বিদেশি অতিথিরাও এতে অংশ নেন। বাঙালির ঐতিহ্যবাহী পিঠাপুলির ভূয়সী প্রশংসা করেন তারা।

অনুষ্ঠানের একপর্বে কীভাবে বাংলার নারীরা ঐতিহ্যবাহী ঢেঁকিতে ধান ভানার পর চাল বের করে এবং গুড়ো করার পর কীভাবে চালের গুড়ো দিয়ে পিঠা তৈরি হয় তা তুলে ধরেন শিল্পীরা। আয়োজনে লোকগান এবং দেশীয় নৃত্য পরিবেশন ছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন সমিতির সদস্যরা।

এই প্রথমবারের মতো জাপানের মাটিতে আয়োজিত এ নবান্ন উত্সব বিষয়ে বৃহত্তর খুলনা সমিতির কর্মকর্তা জেসমিন সুলতানা কাকলি এবং তানিজা শারমিন সেবু বলেন, ‘বিদেশে থেকেও দেশের ঐতিহ্য ও সংস্কৃতির অনুশীলন এবং তাকে বিদেশিদের সামনে তুলে ধরার লক্ষ্যেই আমাদের এ প্রয়াস।’ সমিতির অন্যতম সংগঠক বহ্নি আহমেদ এবং গোলাম মাসুম জিকো বলেন, ‘এখন থেকে প্রতিবছর নিয়মিত নবান্ন উত্সবের পাশাপাশি অন্যান্য উত্সবও উদযাপনের পরিকল্পনা রয়েছে আমাদের।’