ক্রেতা কম, হতাশ উদ্যোক্তারা
প্রকাশ : ১১ অক্টোবর ২০১৩, ২১:২৭
রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত গার্মেন্টস ও টেক্সটাইল পণ্যের আন্তর্জাতিক প্রদর্শনী বাটেক্সপো (বাংলাদেশ অ্যাপারেল এন্ড টেক্সটাইল এক্সপোজিশন) শেষ হচ্ছে আজ শনিবার। ঈদ ও দুর্গাপূজার ঠিক আগ মুহূর্তে এই মেলা অনুষ্ঠিত হওয়ায় গতকাল পর্যন্ত প্রত্যাশিত ক্রেতা (বায়ার) সমাগম হয়নি বলে মেলায় অংশ নেয়া স্টল মালিকদের সূত্র জানিয়েছে। এই মেলার মূল টার্গেট থাকে বিদেশি ক্রেতা। কিন্তু গতকাল সন্ধ্যা পর্যন্ত মাত্র ৪০ থেকে ৪৫ জন বিদেশি ক্রেতা বাটেক্সপোয় এসেছেন বলে জানা গেছে। ফলে এ নিয়ে কিছুটা অস্বস্তি কাজ করছে আয়োজকদের মধ্যে। মেলার আয়োজক গার্মেন্টস মালিকদের সংগঠন বিজিএমইএ’র সভাপতি আতিকুল ইসলাম গতকাল ইত্তেফাককে বলেন, অবশ্যই এবারের বাটেক্সপোয় বায়ারের উপস্থিতি স্বাভাবিকের চাইতে কম। এখনো একদিন বাকি আছে। আশা করছি, আগামীকাল (আজ শনিবার) উপস্থিতি বাড়বে। তিনি বলেন, স্বাভাবিক নিয়মে মেলা আরো একমাস পরে হওয়ার কথা ছিল। কিন্তু রাজনৈতিক অনিশ্চয়তা বিবেচনায় নিয়ে এই সময়ে করতে হয়েছে। তখনকার অস্বাভাবিক পরিস্থিতিতে করলে হয়তো ক্রেতাই পেতাম না।
মেলায় অংশগ্রহণকারী গার্মেন্টস এর এক্সেসরিজ বাজারজাতকারী প্রতিষ্ঠান মনট্রিমস লি: এর একজন কর্মকর্তা ইত্তেফাককে বলেন, মেলা আয়োজনের সময়টি সঠিক হয়নি। ঈদ ও পূজার ঠিক আগে হওয়ায় অনেক বায়ার এ মেলায় উপস্থিত হননি। বিশেষত ভারত ও শ্রীলঙ্কার বায়াররা ছুটি কাটাতে ইতিমধ্যে তাদের দেশে চলে গেছে। মেলায় তাদের খুব একটা পাওয়া যাচ্ছে না।
মেলায় ক্রেতা সমাগম কম হওয়ায় রীতিমত ক্ষোভ প্রকাশ করেছেন এজেআই লি: এর ব্রিটিশ পরিচালক ডেভিড কুপার। তিনি বলেন, এতে কেবল টাকাই খরচ হলো।
এদিকে আজ বিকালে বাটেক্সপোর সমাপনী অনুষ্ঠান হচ্ছে। বাটেক্সপোর চিরাচরিত নিয়ম অনুযায়ী বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকার কথা রয়েছে। কিন্তু তিনি সিঙ্গাপুরে থাকায় আজকের অনুষ্ঠানে তার উপস্থিতি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ বিষয়ে বিজিএমইএ সভাপতি বলেন, তিনি না আসতে পারলেও তার দলের অন্য শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
বিগত বছরগুলোতে বাটেক্সপো রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হলেও পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সোনারগাঁও হোটেলে আয়োজন করা হয়েছে। বাটেক্সপোর পরিসর ছোট করে এবার ৮০টি স্টল অংশ নিচ্ছে। রানা প্লাজার দুর্ঘটনার কারণে বাটেক্সপোর চিরাচরিত সাংস্কৃতিক অনুষ্ঠান ‘বাটেক্সপো নাইট’ও হচ্ছে না।