নিজস্ব সম্পদের সর্বোচ্চ ব্যবহারের বিকল্প নেই

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. আকবর আলী খান বলেছেন, বর্তমান সময়ে সকলক্ষেত্রে বিশ্বায়নের প্রভাব স্পষ্ট। এ সময়ে নিজের সম্পদকে সর্বোচ্চ ব্যবহারের বিকল্প নেই। উন্নয়ন বিষয়ে আরো বেশি মনোযোগী হতে হবে। পর্যটন শিল্পে অমিত সম্ভাবনা রয়েছে। কিন্তু দৃষ্টিভঙ্গিতে সমস্যা রয়েছে। এ দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আনতে না পারলে পর্যটন শিল্প মুখ থুবড়ে পড়বে। আমাদের ঐতিহ্য মানবতাবাদের ঐতিহ্য। যদি দেশে হানাহানি থাকে, আইন-শৃঙ্খলা অবনতি ঘটে, পর্যটকদের হয়রানি-নির্যাতন করা হয় তাহলে পর্যটন শিল্প টিকবে না। রাজনৈতিক নেতা-কর্মী, প্রশাসনের কর্তা ব্যক্তিসহ সকলকে সহনশীল ও মানবতাবাদের পরিচয় দিতে হবে। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের কনফারেন্স রুমে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক সৈয়দ রাশিদুল হাসানের রচিত ‘পর্যটনের দশ দিগন্ত’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের এ আয়োজন করা হয়। ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়াম্যান অধ্যাপক ড. মজিব উদ্দিন আহমেদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গ্রন্থকার রাশিদুল হাসান, বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম , বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান, অধ্যাপক রুমানা পারভিন, অধ্যাপক কামরুল হাসান, ইসলামী বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক আফজাল হোসেন, বাংলাদেশ রাইটার্স এসোসিয়েশনের সভাপতি অধ্যাপক নুরুল কবির নাসিম।