বিশেষ প্রতিনিধি
ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানীতে বেড়েছে অজ্ঞান পার্টির অপতত্পরতা। গত শুক্রবার সকাল থেকে গতকাল শনিবার সকাল পর্যন্ত ডিবি নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চক্রের ৬২ সদস্যকে গ্রেফতার করেছে।
এদের মধ্যে সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ রাজধানীর নিউমার্কেট এলাকা থেকে ৩৮ জন, গোয়েন্দা পূর্ব বিভাগ ওয়ারী কালী মন্দির নামক এলাকা থেকে চারজন, গোয়েন্দা দক্ষিণ বিভাগ গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে সাতজন, গোয়েন্দা উত্তর বিভাগ কুড়িল বিশ্বরোড বাসস্ট্যান্ড এলাকা থেকে আটজন ও গোয়েন্দা পশ্চিম বিভাগ উত্তরা এলাকা থেকে পাঁচজন অজ্ঞান পার্টির সদস্যকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে চেতনানাশক ২০ পিস ট্যাবলেট, ৩০ পিস নীল রংয়ের কৌটা, ওষুধ মিশ্রিত জুস, খেজুর, সাতটি চোরাই মোবাইল সেট ও একটি প্রাইভেট কার জব্দ করা হয়।
গতকাল দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলন ডিবির যুগ্ম কমিশনার মাহবুবুর রহমান বলেন, ঈদুল ফিতরকে সামনে রেখে তারা ঢাকা শহরের বিভিন্ন মার্কেট, শপিং মল, বাসস্ট্যান্ড, সদরঘাট, রেলস্টেশন এলাকায় আগত ব্যক্তিদের টার্গেট করে সখ্যতা স্থাপন করে। এরপর তাদের অপর সদস্যরা ট্যাবলেট মিশ্রিত খাদ্যদ্রব্য খেতে আমন্ত্রণ জানায়। টার্গেট ব্যক্তি রাজি হলে, ট্যাবলেট মিশ্রিত সেই খাদ্যদ্রব্য তাকে খাওয়ানো হয়। খাদ্য গ্রহণের পর অচেতন হলে তার মূল্যবান জিনিসপত্র নিয়ে দ্রুত পালিয়ে যায়। এক্ষেত্রে খাদ্যদ্রব্য হিসেবে চা, কফি, জুস, ডাবের পানি, পান, ক্রিম জাতীয় বিস্কুট খাওয়ায় অজ্ঞান পার্টির সদস্যরা। অনেক সময় ভিকটিমের মোবাইল ফোন দিয়েই তার পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে অজ্ঞান পার্টির সদস্যরা।