সেতু না থাকায় দুর্ভোগে লক্ষাধিক মানুষ

নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলার সীমান্তবর্তী মদন, তাড়াইল ও ইটনা এই তিন উপজেলার মোহনায় বর্নী নদীর উপর সেতু না থাকায় লক্ষ্যাধিক মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছে। দীর্ঘদিন থেকে জনপ্রতিনিধিরাও সেতু বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে আসলেও বাস্তবে এর প্রতিফলন ঘটছে না। এর আগে উপজেলার প্রকৌশল অধিদপ্তর ২০১০ সালে নদীর উপর ১৪৫ মিটার দৈর্ঘ্যের সেতু নির্মাণের প্রাক্কলন তৈরি করে। এটি পাঠালেও এখনও তা বাস্তবায়ন হয়নি। এতে মদন উপজেলার তিনটি ইউনিয়ন ও তাড়াইল, ইটনা উপজেলার কয়েকটি ইউনিয়নের লক্ষ্যাধিক মানুষ যাতায়াত, শিক্ষা, ব্যবসা ও স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে। সেতুটি নির্মিত হলে ৬০ কিলোমিটার পথ কমে অতি সহজেই এলাকার লোকজন ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও অন্যান্য জেলার সাথে যাতায়াত করতে পারবে। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী হায়দার আলী মিয়া জানান, বর্নী নদীটি দুই জেলার সীমান্তবর্তী এলাকা হওয়ায় সেতু নির্মাণে জটিলতার সৃষ্টি হয়েছে। তবে সেতুর প্রাক্কলন তৈরি করে প্রধান প্রকৌশলীর নিকট পাঠানো হয়েছে। বর্তমানে প্রকল্পটি জাইকার আওতাধীন অনুমোদনের অপেক্ষায় রয়েছে।