ডোমারের পাট ক্রয় কেন্দ্রে আড়াই কোটি টাকা বাকি

নীলফামারীর ডোমার উপজেলায় দু’টি পাট ক্রয় কেন্দ্রে প্রায় সোয়া দুই কোটি টাকা বকেয়া থাকায় কৃষক ও পাট ব্যবসায়ীরা পূজা ও ঈদ আনন্দ থেকে বঞ্চিত বলে জানা গেছে। জানা গেছে, উপজেলা বিজেএমজি’র নিয়ন্ত্রণাধীন উপজেলার খালিশপুর জুট মিল লিঃ ও যশোর জুট ইন্ডাষ্ট্রিজ লিঃ দু’টি ক্রয় কেন্দ্র রয়েছে। চলতি বছর খালিশপুর জুট মিলে ২৯১.৯২ কুইন্টাল তোষা পাট ও ২৮৪.৩২ কুইন্টাল দেশি পাট মোট ৩ হাজার ১৮৬.২৪ কুইন্টাল ক্রয় করে। প্রতি কুইন্টাল দেশি ক্রস ২ হাজার ৮৭৫ টাকা ,ওএসমার ২ হাজার ৫শ’ টাকা এবং তোষা ক্রস ২ হাজার ২৫০ টাকা, এসমার ২ হাজার ৮৭৫ টাকা দরে মোট ৯১ লক্ষ ৮১ হাজার টাকার পাট ক্রয় করে। যার প্রায় পুরোটাই বকেয়া রয়েছে। অপরদিকে যশোর জুট ইন্ডাষ্ট্রিজ লিমিটেড চলতি মৌসুমে ৪ হাজার ২১৫.৩০ কুইন্টাল তোষা জাতের পাট ক্রয় করে। যার গড় দর ৩ হাজার ৩৯৮.৬৬ টাকা। এতে ১ কোটি ২৮ লক্ষ ২৬ হাজার ৩৮৯ টাকা পাওনা রয়েছে। এদিকে ব্যবসায়ীরা জানান, টাকার অভাবে আমরা পাট ক্রয় করতে পারছি না। এমনকি পূজা ও ঈদ আনন্দ থেকেও বঞ্চিত রয়েছি।