বিভিন্ন স্থানে দু’দিনে ৯ জন খুন

বৃহস্পতিবার ও শুক্রবার দেশের বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় খুন হয়েছেন ৯ জন। ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর— বগুড়ায় ১৮ ঘণ্টায় দুই খুন বগুড়ায় ১৮ ঘণ্টায় পরোকিয়ার জেরে এক রিক্সাচালক ও হত্যা মামলার এক আসামি খুন হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ও শুক্রবার দুপুরে শহরের সুলতানগঞ্জ পাড়ায় ও মালতিনগরে এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের সুলতানগঞ্জ পাড়ায় কাহালুর বড়মহর গ্রামের গোফ্ফার প্রামাণিকের ছেলে নিহত রঞ্জু স্ত্রীর প্রেমিকের ছুরিকাঘাতে খুন হয়েছে। নিহতের ভগ্নিপতি আব্দুর রহমান জানান, রঞ্জু স্ত্রী সন্তান বগুড়া শহরের সুলতানগঞ্জ পাড়ায় জনৈক সারোয়ারের বাসায় রেখে ঢাকায় রিক্সা চালাতো। এ সুযোগে বাড়ি মালিকের ছেলে সামাদের সাথে তার স্ত্রীর পরকীয়ায় জড়িয়ে পড়ে। বিষয়টি জানতে পেরে সে স্ত্রী সন্তানকে গ্রামের বাড়ি নিয়ে যায়। বৃহস্পতিবার রঞ্জু সুলতানগঞ্জ পাড়ায় এলে স্ত্রীর বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে বাড়ি মালিকের ছেলে সামাদ রঞ্জুকে ছুরিকাঘাত করে। এরপর সে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যায়। শুক্রবার দুপুরে শহরের মালতিনগরে রায়হান (২৪) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত রায়হান শহরের ঠনঠনিয়া ব্যাংকপাড়ার শাজাহান আলীর ছেলে। নিহতের মামা শহিদুল ইসলাম জানান, রায়হানের সঙ্গে একদিকে তার শ্বশুর পরিবারের দ্বন্দ্ব অন্যদিকে ইমরান নামের এক ব্যাক্তির মৃত্যু নিয়ে এলাকায় বিরোধ ছিল। বগুড়া সদর থানার ওসি সৈয়দ সহিদ আলম জানান, নিহত রায়হান সমপ্রতি বগুড়া এ্যাসেনসিয়াল ড্রাগস কোম্পানীর কর্মচারি ইমরান হত্যা মামলার চার্জশীটভুক্ত আসামি ছিল । নেত্রকোনায় শিশু খুন নেত্রকোনা পৌর এলাকার তেলিগাতী গ্রামে নীরব (৭) নামের এক শিশুকে গত বৃহস্পতিবার গভীর রাতে গলা টিপে হত্যা করা হয়েছে। পুলিশ তার লাশ নিকটবর্তী সড়কের পাশ থেকে উদ্ধার করে। আটপাড়া উপজেলার পাহাড়পুর গ্র্রামের আনোয়ার নেত্রকোনা শহরে রিকশা চালিয়ে সংসার চালাতো। ঘটনার রাতে দুর্বৃত্তরা আনোয়ারের হাত-পা বেঁধে তার সন্তান নীরবকে ৫/৭ জন ধরে নিয়ে হত্যা করে পালিয়ে যায়। গতকাল শুক্রবার আশপাশের লোকজন নীরবের লাশ রাস্তার পাশে দেখতে পেয়ে পুলিশে সংবাদ দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায় । হত্যার কারণ এখনো জানা যায়নি। স্বরূপকাঠিতে ২ জন খুন স্বরূপকাঠিতে তুচ্ছ ঘটনায় দুইপক্ষের সংঘর্ষে মো. মাইন উদ্দিন (৫৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। বৃহস্পতিবার উপজেলার মাগুরা বাসস্ট্যান্ড এলাকায় ওই ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, বিরোধীয় জমির সুপারী পাড়াকে কেন্দ্র করে মাগুরা গ্রামের শাহজাহান মল্লিকের ছেলে মেহেদী হাসান শিমুলের সাথে একই বাড়ির মাইন উদ্দিনের ছেলে শামিমের সাথে বাড়িতে মারামারি হয়। এ ঘটনার জের ধরে মাইন উদ্দিন ও তার ছেলে আম্মান ও শামিম বাসস্ট্যান্ড গিয়ে শিমুলকে জিজ্ঞাসাবাদ করলে পুনরায় কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মাইন উদ্দিন গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। অভয়নগর সন্ত্রাসী খুন যশোরের অভয়নগর উপজেলার পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী হত্যা, চাঁদাবাজিসহ প্রায় এক ডজন মামলার আসামি জাহাঙ্গির মল্লিক (৩৫) প্রতিপক্ষের হাতে খুন হয়েছে। নিহত জাহাঙ্গির মল্লিক চরমপন্থী দলের সক্রিয় সদস্য। গতকাল শুক্রবার সকালে পুলিশ উপজেলার রানাগাতী গ্রামের কওছার আলী খাঁর বাড়ির পেছনের মাছের ঘের থেকে তার লাশ উদ্ধার করে। অভয়নগর থানার অফিসার্স ইনচার্জ কাজী আব্দুস ছালেক বলেন, নিহত জাহাঙ্গির মল্লিক নিষিদ্ধ ঘোষিত বিপ্লবী কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা। তার নামে ফুলতলা, অভয়নগর ও খুলনা সদর থানায় হত্যা, চাঁদাবজি, বোমা ও ছিনতাইসহ প্রায় ডজনখানেক মামলা রয়েছে। সে দীর্ঘদিন পলাতক ছিল। অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে জাহাঙ্গীর মল্লিক খুন হতে পারে।” রূপগঞ্জে লাশ উদ্ধার নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের ব্রাহ্মণগাঁও দেওয়ানবাড়ী গ্রামের আব্দুল লতিফ মিয়ার ছেলে শওকত আলীর (২৮) লাশ গতকাল শুক্রবার রূপগঞ্জ থানা পুলিশ উদ্ধার করেছে। ঢাকা-নিকুঞ্জ-কাঞ্চন সড়কের পূর্বাচল উপশহরের গুতিয়াব এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। রূপগঞ্জ থানা পুলিশ জানায়, শওকত আলীর বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, সন্ত্রাসী, মারামারিসহ রূপগঞ্জ থানায় এক ডজনের বেশি মামলা রয়েছে। ২৫ অক্টোবর মুড়াপাড়া ইউনিয়নের মাছিমপুর গ্রাম থেকে র্যাব পরিচয়ে ৭ থেকে ৮জন যুবক শওকত আলীকে নিয়ে যায়। এর পর থেকে সে নিখোঁজ ছিল। শ্বাসরোধে শওকত আলীকে হত্যা করা হয়েছে। নাগেশ্বরীতে স্ত্রী খুন নাগেশ্বরীতে স্ত্রীকে পিটিয়ে হত্যা করেছে স্বামী। পাষণ্ড স্বামীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের ভাঙ্গামোড় বামনপাড়া গ্রামের পনিরউদ্দিনের ছেলে সাইদুল ইসলাম (২৩) এর সাথে ১২ বছর আগে কুড়িগ্রামের ঢলুয়া পাড়া গোপালের খামার গ্রামের আযান উল্যার মেয়ে হোসনা (২৬) এর বিয়ে হয়। পারিবারিক দৈন্যতায় প্রায় স্বামী-স্ত্রীর মধ্যে কলহ লেগে থাকতো। বৃহস্পতিবার রাতে কথা কাটাকাটির এক পর্যায়ে স্বামী সাইদুলের পিটুনিতে দুই সন্তানের জননী হোসনার মৃত্যু হয়। পরে এলাকাবাসী ঘাতক স্বামীকে আটক করে থানা পুলিশে সোপর্দ করে। রাতে নিহতের পিতা আযানউল্যা বাদী হয়ে নাগেশ্বরী থানায় হত্যা মামলা দায়ের করেছে। গৌরীপুরে ভাই খুন ময়মনসিংহের গৌরীপুরে গতকাল শুক্রবার বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই রহমত আলী (৩২) খুন হয়েছেন। তিনি উপজেলার ভাংনামারী ইউনিয়নের খানপাড়া গ্রামের মৃত সাহেদ আলীর ছেলে। বাড়ির সীমানায় একটি কলাগাছ নিয়ে দু’ভাইয়ের ঝগড়া হয়। এক পর্যায়ে বড়ভাই জীবন মিয়া (৩৬) ছোট ভাই রহমত আলীকে মাথায় লাঠি দিয়ে আঘাত করে। এতে অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে তিনি ঘটনাস্থলে মারা যান। এ ঘটনায় জীবন মিয়ার স্ত্রী সাবিনা খাতুনকে আটক করা হয়েছে। ঘটনার পর থেকে জীবন মিয়া পলাতক রয়েছে। গৌরীপুর থানার ওসি মোঃ হামিদুল ইসলাম জানান, নিহতের লাশ ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।