আক্কেলপুরে মুরগির দর পতন
আক্কেলপুর (জয়পুরহাট) সংবাদদাতা
প্রকাশ : ১১ অক্টোবর ২০১৩, ২১:৪১
আক্কেলপুর উপজেলায় ব্রয়লার মুরগির বাজারে অস্বাভাবিক দর পতন হওয়ায় খামারিদের মাথায় হাত পড়েছে। ব্যাপক লোকসানের মুখে অনেকে তাদের মূলধন হারিয়ে পথে বসার উপক্রম হয়েছে। জানা গেছে, উপজেলায় প্রায় দুই যুগ আগে মুরগির খামারের ব্যাপক প্রসার লাভ করে। অনেক শিক্ষিত বেকার যুবক বিভিন্ন স্থান থেকে প্রশিক্ষণ নিয়ে অতিকষ্টে মুরগির খামার গড়ে তোলেন। সেখান থেকে প্রতিবছর লাভের মুখ দেখায় অনেক শিক্ষিত বেকার যুবক ঝুঁকে পড়ে ব্যবসায়। এতে অনেকেই হয়েছেন স্বাবলম্বী পাশাপাশি মুরগি।
জানা গেছে, উপজেলায় খামারের প্রসার ঘটায় ৪৮০টি খামার তালিকাভুক্ত হয়। এর বাইরেও বাড়ির আঙ্গিনাসহ আনাচে-কানাচে যুবকেরা ছাড়াও মহিলারা গড়ে তোলেন অনেক বয়লার ও লেয়ার মুরগির খামার। কিন্তু গত একমাস ধরে হঠাত্ ব্রয়লার মুরগির দর পতন হওয়ায় খামারিরা লোকসানের মুখে পড়ে। এ কারণে এরই মধ্যে কয়েকটি খামার বন্ধ হয়েছে। খামারিরা জানান, প্রতিটি বাচ্চা ক্রয় থেকে শুরু করে বাজারজাত করা পর্যন্ত প্রতি কেজি মুরগিতে খরচ পড়ে কমপক্ষে ১২০ টাকা। মাস খানেক আগেও প্রতি কেজি মুরগি ১২০ হতে ১২৫ টাকা কেজি ধরে পাইকারি বিক্রি হয়েছে। বর্তমানে দর পতনের কারণে সেই মুরগি পাইকারি বিক্রি হচ্ছে প্রতি কেজি ৯০ হতে একশ’ টাকা দরে। প্রতি কেজিতে একজন খামারিকে লোকসান গুণতে হচ্ছে ১৫ হতে ২০ টাকা।