নিকলীতে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ২
প্রকাশ : ১১ অক্টোবর ২০১৩, ২১:৫২
হাওর অধ্যুষিত নিকলী উপজেলার সিংপুর গ্রামে পূর্ব বিরোধের জের ধরে গতকাল শুক্রবার বিকালে দুই গ্রুপের সৃষ্ট সংঘর্ষে ২ জন নিহত ও অন্তত ২৫ জন আহত হয়। আওয়ামী লীগ সমর্থিত হাশিম গ্রুপের ওয়াছ করণী (২৭) বুকে গুলিবিদ্ধ হয়ে ও বিএনপি সমর্থিত হারুন গ্রপের কাঞ্চন (৪৫) মাথায় দায়ের কোপে আঘাতপ্রাপ্ত হয়ে মারা গেছেন। আহতদের জেলা সদর আধুনিক হাসপাতাল, মিঠামইন ও করিমগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত পহেলা বৈশাখে সিংপুর বাজারে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনা ঘটে। এরপর থেকেই হাশিম গ্রুপ ও হারুন গ্রুপের মধ্যে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটে। শুক্রবার বিকালে হাশিম গ্রুপের ডিপটি নামে এক যু্বক হারুন গ্রপের এলাকায় গেলে তাকে মারধর করা হয়। এই খবর পেয়ে হাশিম গ্রপের লোকজন আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রাদি নিয়ে হামলার প্রস্তুতি নিলে প্রতিপক্ষ হারুন গ্রুপও অস্ত্রসজ্জিত হয়ে জড়ো হতে থাকে। পরে তারা সিংপুর সরকারি প্রাইমারি স্কুল মাঠে সংঘর্ষে লিপ্ত হয়। ঘণ্টাকালব্যাপি এই সংঘর্ষ চলে।