পার্বত্য ভূমি আইন সংসদে পাস হলে ৩ পার্বত্য জেলায় লাগাতার হরতালের হুমকি
প্রকাশ : ১১ অক্টোবর ২০১৩, ২১:৫২
জাতীয় সংসদে পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন (সংশোধন) আইন পাস করা হলেই পরদিন থেকে ৩ পার্বত্য জেলায় লাগাতার হরতালসহ আন্দোলন কর্মসূচি দেয়ার হুমকি দিয়েছে পার্বত্য নাগরিক পরিষদ ও পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ। জেলা শহরের একটি রেস্টুরেন্টে গতকাল শুক্রবার যৌথ সাংবাদিক সম্মেলনে নেতৃবৃন্দ এ হুমকি দেন। তারা এ আইন বাতিলের দাবি জানান। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পার্বত্য নাগরিক পরিষদের কেন্দ্রীয় চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলকাছ আল-মামুন ভুঁইয়া। এ সময় সাংগঠনিক সম্পাদক শেখ মোহাম্মদ রাজু, বান্দরবান জেলা সভাপতি মো. আতিকুর রহমান, রাঙ্গামাটি জেলা আহ্বায়ক নুরজাহান বেগম, পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ রাঙ্গামাটি জেলা সভাপতি মো. ইব্রাহিম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সভাপতি সারওয়ার জাহান উপস্থিত ছিলেন।