ব্রাজিল বিশ্বকাপের অবশিষ্ট টিকিট লটারিতে
প্রকাশ : ১১ অক্টোবর ২০১৩, ২১:৫৬
ব্রজিলে অনুষ্ঠিতব্য ২০১৪ সালের ফুটবল বিশ্বকাপের ম্যাচগুলো সরাসরি মাঠে বসে দেখার জন্য ফিফার কাছে দর্শকদের আবেদন পড়েছে আসন সংখ্যার দ্বিগুণ। ইতোমধ্যে দুই বারে টিকিট বিক্রী করেছে ফিফা। এবার আবেদনকারীকে লটারির ভিত্তিতে টিকিট দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ফুটবলের বিশ্ব সংস্থাটি।
সারা বিশ্বের ২০৩টি দেশ থেকে টিকিটের জন্য আবেদন জমা পড়লেও শুধুমাত্র ব্রাজিলিয়ানদের মধ্য থেকে জমা পড়েছে মোট আবেদনের ৭০ শতাংশেরও বেশি। বিশ্বকাপের প্রথম ম্যাচটি দেখার জন্য সাত লক্ষ ২৬ হাজারের বেশি এবং ফাইনাল ম্যাচটি দেখার জন্য সাত লক্ষ ৫০ হাজারের উপর আবেদন জমা পড়েছে। তবে মাত্র ৮০ হাজার দর্শক মাঠে বসে এই ম্যাচদুটি দেখতে পাবেন। ২০১৪ সালের ১২ জুনে বিশ্বকাপের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে সাও পাওলোয় এবং ১৩ জুলাইয়ে ফাইনাল ম্যাচটি রিও ডি জেনিরোর মারাকানা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
‘আগে আসলে আগে পাবেন’ এই নিয়মে টিকিট বিক্রি শুরু হবে আগামী ৫ নভেম্বর থেকে। আর ৮ নভেম্বর থেকে দৈব চয়নের ভিত্তিতে লটারি করে টিকিট বেঁচবে ফিফা।
সব থেকে বেশি আবেদন জমা পড়েছে ব্রাজিলের দর্শকদের থেকে। আয়োজক দেশটি থেকে আবেদন জমা পড়েছে ৪৩ লক্ষ ৬৮ হাজারের কিছু বেশি। পৌনে চার লক্ষ্য আবেদন নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে মার্কিন যুক্তরাষ্ট্র। আর পৌনে তিন লক্ষ আবেদন নিয়ে তৃতীয় অবস্থানে আছে আর্জেন্টিনা। ফিফা আমা করছে, পুরো টুর্নামেন্টের সবগুলো ম্যাচ মিলিয়ে তারা ৩৩ লক্ষ দর্শককে মাঠে বসে খেলা দেখার সুযোগ করে দিতে পারবেন। তবে গত আগস্টে প্রথম পর্বে ফিফা ১০ লক্ষ টিকিট ছাড়ে। সেবার টিকিট বিক্রির ঘোষনা দেয়ার মাত্র ৭ ঘন্টার মধ্যেই ১০ লক্ষ আবেদন জমা পড়ে। গত সপ্তাহে আর ১০ লক্ষ টিকিট ব্রিক্রি করেছে সংগঠনটি। নিয়ম অনুযায়ী একজন দর্শক একটি ম্যাচের জন্য সর্বোচ্চ চারটি টিকিটের আবেদন করতে পারবেন। আর একজন ব্যক্তি বিশ্বকাপের মোট ৬৪টি ম্যাচের মধ্যে সর্বোচ্চ সাতটির জন্য আবেদন করতে পারবে। দর্শকদের জন্য টিকিট ব্রিক্রির আগের সব রেকর্ডকে ছাড়িয়ে গেছে ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপ।