প্রধানমন্ত্রী হতে চায় মালালা
প্রকাশ : ১১ অক্টোবর ২০১৩, ২২:১৭
পাকিস্তানের নারী শিক্ষা আন্দোলনের কর্মী কিশোরী মালালা ইউসুফজাই পাকিস্তানকে রক্ষায় সে দেশের প্রধানমন্ত্রী হওয়ার আগ্রহ প্রকাশ করেছে। রাজনীতিবিদ হওয়ার মাধ্যমে দেশের সেবা করা যায় বলে মন্তব্য করেছে তালেবানের গুলিতে আহত মালালা। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন’র সঙ্গে এক সাক্ষাতকারে মালালা এই আগ্রহ প্রকাশ করেন। খবর ডন এর।
ভবিষ্যতে রাজনীতির সঙ্গে যুক্ত হওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করে মালালা বলে, আমি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চাই। আমি আমার মাতৃভূমিকে রক্ষা করতে চাই। মালালা বলছে, রাজনীতিবিদ হওয়ার মাধ্যমে আমি আমার পুরো দেশকে রক্ষা করতে পারবো। এছাড়া বাজেটের অধিকাংশ অর্থ আমি শিক্ষা খাতে ব্যয় এবং বিদেশ বিষয়েও আমার মনোযোগ দিতে পারবো।
মালালা বৃহস্পতিবার ইউরোপীয় পার্লামেন্টের মর্যাদাপূর্ণ শাখারভ পুরস্কার লাভ করে। শুক্রবার শান্তিতে নোবেল পুরস্কার ঘোষিত হয়েছে। কিন্তু না পাওয়ার জন্য তার ইতিহাস গড়া হলো না। কারণ মালালা নোবেল শান্তি পুরস্কার পেলে সবচেয়ে কম বয়সী নোবেল লাভ হতো তার। তবে মালালা আগেই বলেছিল, নোবেল পুরস্কার পাওয়া হবে আমার জন্যে বড় ধরনের সম্মানের বিষয় এবং প্রত্যাশার চেয়েও বেশি। কারণ এই পুরস্কার পাওয়ার জন্য যথেষ্ট কাজ করিনি। উল্লেখ্য,পাকিস্তানের স্কুলছাত্রী ও নারী শিক্ষার পক্ষে প্রচারণাকারী মালালা ইউসুফজাইয়ের ওপর ২০১২ সালের ৯ অক্টোবর তালেবান জঙ্গিরা হামলা চালায়। পাকিস্তানে প্রাথমিক অস্ত্রোপচার শেষে মালালাকে উন্নত চিকিত্সার জন্য বার্মিংহামে নেয়া হয়। সেখানে এক স্কুলে বর্তমানে সে লেখাপড়া করছে।