গাজীপুরে ট্রাক-লেগুনা সংঘর্ষে নিহত ৪

জেলায় ট্রাক-লেগুনার সংঘর্ষে ঘটনাস্থলেই ২ সহোদরসহ ৪ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন ৫ জন। জেলা শহরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোড় এলাকায় গতকাল শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতরা সবাই ছিল লেগুনার যাত্রী। নিহতরা হলেন— ময়মনসিংহের মুক্তাগাছার বন্ধু গোয়ালিয়া গ্রামের ওমর ফারুক (৩৫) ও তার ছোট ভাই সুমন (৩০), রংপুর কোতয়ালী থানার ঘোষাইবাড়ি গ্রামের নূরে আলম (৪০) ও মানিকগঞ্জের ঘিওর উপজেলার বিশ্বজিত্ চন্দ্র সরকার (২৮)। নিহত দুই ভাই ওমর ফারুক ও সুমন এবং নূরে আলম রাজমিস্ত্রীর কাজ করতেন। তারা কাজ করতে কোনাবাড়ি যাচ্ছিলেন। অপর নিহত বিশ্বজিত্ একটি টেক্সটাইল মিলের অপারেটর ছিলেন। দুর্ঘটনায় আহতদের মধ্যে গাজীপুর সদরের দিঘীরচালা এলাকার সোহেল রানা (২৩), আল আমীন (২৫), চান্দনা চৌরাস্তা এলাকার নীলতম ঘোষ (৩৫) ও নগপাড়ার আব্দুল খালেককে (৭০) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া আহত জেলা সদরের কড্ডা এলাকার হামিদুর রহমান (৩৫) গাজীপুর সদর হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন। নাওজোড় হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট ইকবাল হোসেন বলেন, দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে গেছে। আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই ৪টি লাশই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। চট্টগ্রামে বাসের ধাক্কায় পোশাক শ্রমিক নিহত চট্টগ্রাম অফিস:নগরীর ইপিজেড মোড়ে গতকাল সকাল সাড়ে ৭টার দিকে বাসের ধাক্কায় মরিয়ম বিবি (৪২) নামে এক পোশাক শ্রমিক মারা গেছেন। রাস্তা পার হওয়ার সময় পেছন দিক থেকে একটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পুলিশ বাসটিকে আটক করেছে। টাঙ্গাইলে ট্রাক চাপায় ২ চালকের মৃত্যু টাঙ্গাইল প্রতিনিধি:জেলায় ট্রাক চাপায় ২ ট্রাক চালক নিহত হয়েছেন। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সদর উপজেলার ভাতকুড়া এলাকায় গতকাল ভোরে এ ঘটনা ঘটে। নিহত চালকরা হলেন—সাভারের দেনবাড়ি গ্রামের হালিম মিয়া (৪৫) ও ঢাকার পল্লবীর জামারা মহল্লার নাজিম উদ্দিন (৫০)। এলেঙ্গা হাইওয়ে পুলিশের সার্জেন্ট শামসুল আলম বলেন, রাস্তায় যানজটের কারণে মহাসড়কের সদর উপজেলার ভাতকুড়া এলাকায় ট্রাক রেখে তারা ২ জন রাস্তা পার হচ্ছিলেন। এ সময় অপর প্রান্ত থেকে হঠাত্ একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। রায়গঞ্জে বাস চাপায় শিশু নিহত রায়গঞ্জ (সিরাজগঞ্জ) সংবাদদাতা: উত্তরবঙ্গ মহাসড়কে জেলার রায়গঞ্জ উপজেলার ঘুড়কায় বাসস্ট্যান্ড এলাকায় গতকাল দুপুরে রাস্তা পার হতে গিয়ে বাসের চাকায় পিষ্ট হয়ে বিশ্বনাথ (৮) নামে এক শিশু নিহত হয়েছে। নিহত শিশু ঘুড়কা বেলতলা এলাকার জীতেন্দ্র নাথ রবিদাসের ছেলে। স্থানীয় জনতা পিছু ধাওয়া করে হাইওয়ে পুলিশের সহায়তায় বাসটি হাটিকুমরুল গোলচত্বরে আটক করে। এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা প্রায় ৩ ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখে।