মুক্তি পেলেন আদিলুর

মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান শুভ গাজীপুরস্থ কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১ থেকে মুক্তি পেয়েছেন। গতকাল শুক্রবার সকাল পৌনে ১১টার দিকে তাকে মুক্তি দেয়া হয়। কারাগার সূত্রে জানা গেছে, আদিলুর রহমানের জামিন আদেশের কাগজপত্র গত বৃহস্পতিবার রাত আটটার দিকে এসে পৌঁছায়। যাচাই-বাছাই শেষে গতকাল শুক্রবার সকাল ১০টা ৫০ মিনিটে তাকে মুক্তি দেয়া হয়। এসময় তার স্ত্রী, আত্মীয়-স্বজন ও অধিকারের কর্মীরা জেল গেটে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, মতিঝিলে সংঘটিত হেফাজতে ইসলামের সমাবেশে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান ও হেফাজত কর্মীদের মৃত্যু নিয়ে বিভ্রান্তিমূলক অসত্য তথ্য প্রকাশের অভিযোগে তথ্য প্রযুক্তি আইনে (আইসিটি অ্যাক্ট) গত ১০ আগস্ট ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ আদিলুর রহমান খানকে গুলশানের বাসা থেকে গ্রেফতার করে। পরে আদালতে হাজির করা হলে বিচারক তাকে জেলহাজতে পাঠান।