গাজীপুরে ধারালো অস্ত্রসহ ৬ ছিনতাইকারী গ্রেফতার
প্রকাশ : ১১ অক্টোবর ২০১৩, ২২:২২
জেলায় পৃথক দুটি স্থান থেকে গতকাল শুক্রবার মোট ৬ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে চাপাতি, ছোরাসহ ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। ডিবি পুলিশের এসআই আবদুস সালাম জানান, জেলা শহরের চা বাগান এলাকায় গাজীপুরের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সরকারি বাসভবনের পেছনের রাস্তায় গতকাল ভোরে ছিনতাইকালে ৩ ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। তারা হলেন চা বাগান এলাকার বদরুল ইসলাম (২৮), শহরের মুন্সিপাড়া এলাকার আবুল হোসেন (১৮) ও উত্তর বিলাসপুর এলাকার আল আমিন (২০)।
অপরদিকে গতকাল সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা এলাকা থেকে জয়দেবপুর থানা পুলিশ দেশি অস্ত্র, চাকু ও চাপাতিসহ ৩ যুবককে আটক করে। তারা হলেন জেলা সদরের তেলিপাড়া এলাকার পারভেজ মিয়া (২৫), জেলার শ্রীপুরের রাথুরা গ্রামের সজল মিয়া (১৮) ও ময়মনসিংহের মুক্তাগাছার বাসিন্দা রুবেল মিয়া (১৮)। জয়দেবপুর থানার এসআই মাহফুজুর রহমান জানান, ছিনতাইয়ের প্রস্তুতি নেয়ার সময় তাদের গ্রেফতার করা হয়। পৃথক ২ ছিনতাইয়ের ঘটনায় মামলা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।