কবিতার শহরে কবিতা উত্সব

কবিতার শহর চট্টগ্রামে গতবছরের ধারাবাহিকতায় এবারো বর্ণিল আয়োজনে শেষ হয়েছে তিনদিনের কবিতা উত্সব। গত ২২ নভেম্বর বিকেলে নগরীর জেলা শিল্পকলা একাডেমি মুক্তমঞ্চে বাংলাদেশের অন্যতম বাচিক শিল্পচর্চা সংগঠন ‘সার্থক জনম আমার জন্মেছি এই দেশে’—স্লোগানে এ উত্সবের উদ্বোধন করেন দৈনিক আজাদীর সম্পাদক এমএ মালেক। উদ্বোধনের পর ‘দাম দিয়ে কিনেছি বাংলা’ শিরোনামের উদ্বোধনী বৃন্দ আবৃত্তি পরিবেশন করেন তারুণ্যের উচ্ছ্বাসের শিল্পীরা। এরপর ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় সদ্যপ্রয়াত মুক্তিযোদ্ধা ও সাহিত্যিক রমা চৌধুরী এবং আবৃত্তিশিল্পী রণজিত্ রক্ষিতের প্রতিকৃতিতে। এ কবিতা উত্সবটিও তাদের স্মৃতির প্রতি উত্সর্গ করা হয়। এমএ মালেক বলেন, ‘কবিতা সবসময় সত্য ও সুন্দরের কথা বলে। কবিতার শক্তি অসাধারণ। আর কবিতার লাইনগুলো আবৃত্তিকাররা যখন সাধারণের কাছে তাদের কণ্ঠ দিয়ে তুলে ধরেন তখন আসলে তারা শুধু কবিতাই নয়, সত্য ও সুন্দরকেও তুলে ধরেন।’ কবিতা উত্সব উদযাপন পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামস্থ ভারতীয় দূতাবাসের দ্বিতীয় সচিব শুভাশীষ সিনহা, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১৫নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ গিয়াস উদ্দিন, আইইবির সাবেক সভাপতি ইঞ্জি. দেলোয়ার হোসেন মজুমদার ও জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু। তারুণ্যের উচ্ছ্বাসের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি ভাগ্যধন বড়ুয়া। প্রথমদিন আবৃত্তিতে অংশ নেন প্রণব সাহা (ত্রিপুরা), আসাদ উজ্জ্বল, শাওন পান্থ, রেহানা পারভীন রিমা, ইয়াসির সিলমী, ইকবাল হোসেন জুয়েল, গৌতম চৌধুরী, এএসএম এরফান, সাবের শাহ, শারমিন মুস্তারী নাজু, রণধীর দে, সাদিয়া চৌধুরী, ইমাম হোসাইন ও গার্গী দেব। কবিতাপাঠ করেন আশিষ সেন, আলী প্রয়াস, এজাজ ইউসূফী, খালিদ আহসান, জয়ন্ত জিল্লু, পুলক পাল, ফাউজুল কবির, বিজন মজুমদার, রিজোয়ান মাহমুদ, শেখর দেব, সেলিনা শেলী, নাজিমুদ্দীন শ্যামল, রিমঝিম আহমেদ, ইউসুফ মুহাম্মদ, মোজাম্মেল মাহমুদ, শাহীদ হাসান ও হোসাইন কবির। ছড়া পাঠ করেন রাশেদ রউফ, আকতারুল ইসলাম, আফম মোদাচ্ছের আলী, আবুল কালাম বেলাল, এমরান চৌধুরী ও বিপুল বড়ুয়া। এদিন তারুণ্যের উচ্ছ্বাস শিশুবিভাগ পরিবেশন করে ‘কাজলা দিদি’ শিরোনামের বৃন্দ আবৃত্তি। দ্বিতীয় দিন ছিল কবিতার মিছিল শিরোনামের শোভাযাত্রা। এদিন ভাগ্যধন বড়ুয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ইফতেখার উদ্দীন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন আবৃত্তিশিল্পী সুমন্ত্র সেনগুপ্ত, কবি ও প্রাবন্ধিক মোহাম্মদ জোবায়ের, তপন চক্রবর্ত্তী ও ডা. মো. আলী আজগর চৌধুরী।