আর্থিক সংকট

রিপাবলিকানদের সঙ্গে আলোচনা চালিয়ে যাবেন ওবামা

যুক্তরাষ্ট্রের চলমান আর্থিক সংকট এড়াতে বিরোধী রিপাবলিকানদের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার ব্যাপারে সম্মত হয়েছেন প্রেসিডেন্ট ওবামা। রিপাবলিকান দল স্বল্পমেয়াদে সরকারের ঋণ গ্রহণের পরিমাণ বাড়ানোর প্রস্তাব দিয়েছে। গতকাল শুক্রবার আর্থিক অচলাবস্থার ১১ দিনে তারা এ সিদ্ধান্ত নেন। খবর বিবিসি ও নিউইয়র্ক টাইমসের। প্রস্তাব নিয়ে প্রেসিডেন্ট বারাক ওবামার সাথে বৃহস্পতিবার বিস্তারিত আলোচনা করেছেন রিপাবলিকানরা। তবে ৯০ মিনিটের এ আলোচনায় তেমন কোনো অগ্রগতি হয়নি। তবে উভয়পক্ষ দাবি করেছে, আলোচনা ফলপ্রসূ হয়েছে। আলোচনার আগে প্রতিনিধি পরিষদের স্পীকার রিপাবলিকান নেতা জন বোয়েনার বলেন, এর বিনিময়ে বাজেট নিয়ে চলমান মতবিরোধ কমাতে আরো আলোচনায় বসতে ওবামাকে রাজি হতে হবে। তিনি ঋণসীমা বাড়ানোর জন্য ছয় সপ্তাহ সময়ের প্রস্তাব দেন। গতকাল সকালে হোয়াইট হাউসের ডাইনিং রুমে কংগ্রেসের সব রিপাবলিকান সদস্যদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে প্রেসিডেন্ট ওবামা ও ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের। অন্যদিকে হোয়াইট হাউজ মুখপাত্র জে কার্নি জানান, রিপাবলিকানদের প্রস্তাবিত চুক্তিতে কোন ধরনের শর্ত না থাকলে ওবামা হয়তো তাদের চুক্তিতে সই করবেন। কর্মকর্তারা বলছেন, আগামী ১৭ অক্টোবরের মধ্যে ঋণ গ্রহণের সীমা বাড়ানো না হলে যুক্তরাষ্ট্র চরম সংকটে পড়বে। প্রেসিডেন্ট ওবামা প্রস্তাবিত ২০১০ স্বাস্থ্য সংস্কার কর্মসূচিতে অর্থায়ন না করতে দেশটির নতুন বাজেট আটকে দিয়েছেন রিপাবলিকানরা।