পাক-ভারত সীমান্তে গোলাগুলি
জাতিসংঘকে তদন্তের আহ্বান
জানালেন কায়ানি
প্রকাশ : ১২ অক্টোবর ২০১৩, ২০:৩৯
পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আশফাক পারভেজ কায়ানি আন্তঃসীমান্ত গোলাগুলির ঘটনায় যৌথ অথবা নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করার জন্য তার দেশের প্রস্তাবে ইতিবাচক সাড়া দেয়ার জন্য ভারতের প্রতি আহবান জানিয়েছেন। ভারত-পাকিস্তানকে বিভেদকারী বিরোধপূর্ণ কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় গোলাগুলির ঘটনায় জাতিসংঘকে তদন্ত করার প্রস্তাব দিয়েছেন তিনি। ভারতীয়দের গুলিতে নিয়ন্ত্রণ রেখার কাছে এক পাকিস্তানি শিশু নিহত হয়েছে - পাকিস্তানি কর্মকর্তাদের এমন দাবির কয়েক ঘন্টা পরই আশফাক পারভেজ কিয়ানি এই মন্তব্য করেন। শুক্রবার রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে আশফাক পারভেজ এই মন্তব্য করেন। কাশ্মিরের নেকায়াল সেক্টরের কাছে ওই ঘটনায় দুই নারী ও এক পুরুষও আহত হয়েছে। সমপ্রতি ভারতের সেনাপ্রধান অভিযোগ করেছেন পাকিস্তানের সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থা আইএসআই সন্ত্রাসবাদ মদদ দিচ্ছে। তার এই বক্তব্য অপ্রত্যাশিত, ভিত্তিহীন ও উত্তেজনাসৃষ্টিকারী বলে মন্তব্য করেছেন আশফাক পারভেজ। তিনি বলেন, সীমান্তে প্রতিনিয়ত সহিংস ঘটনায় পাকিস্তানও উদ্বিগ্ন।