রংপুরে ভণ্ড কবিরাজের চিকিত্সায় শিশুর মৃত্যু

রংপুরে ভণ্ড কবিরাজের অপ-চিকিত্সায় প্রাণ হারিয়েছে শারমিন (৭) নামের এক শিশু। এ ঘটনায় পুলিশ ভণ্ড কবিরাজের স্বামী সালাহউদ্দিনকে গ্রেফতার করেছে। এদিকে বিক্ষুব্ধ এলাকাবাসী ভণ্ড কবিরাজের গ্রেফতারের দাবিতে ঢাকা-দিনাজপুর মহাসড়ক অবরোধ করে। শুক্রবার রংপুর মহানগরীর পাকারমাথা এলাকায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে নিহতের পিতা শাহজাহান আলী বাদী হয়ে কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেছেন। মেডিক্যাল পূর্বগেট জব্বারটারী এলাকার সালাহউদ্দিনের স্ত্রী শাহনাজ বেগম ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স থেকে চাকরিচ্যুত হওয়ার পর নিজ বাড়িতে ৪ বছর ধরে কবিরাজি ও ঝাড়ফুঁকের ব্যবসা করে আসছিলেন। একই এলাকার শাহজাহান আলীর কন্যা থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত শারমিন আখতারকে কবিরাজ শাহনাজের কাছে নিয়ে যাওয়া হয়। এ সময় সে শারমিনকে অন্য জায়গায় নিয়ে যেতে নিষেধ করেন এবং নিজে শারমিনের চিকিত্সা শুরু করেন। এভাবে চিকিত্সার নামে প্রায় ৫ লাখ টাকা হাতিয়ে নেয় কবিরাজ। কিন্তু শারমিনের অবস্থার অবনতি হওয়ায় পিতা শাহজাহান আলী তাকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেন। এতে ভণ্ড কবিরাজ রাজি হয়নি। অবশেষে শুক্রবার দুপুরে শারমিন আখতার মৃত্যুর কোলে ঢলে পড়ে। এ ঘটনায় শিশুটির আত্মীয়-স্বজন কবিরাজের বাড়িতে গেলে সে পালিয়ে যায়।