জেতার চেষ্টা করবো :সোহাগ
স্পোর্টস রিপোর্টারস্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ১২ অক্টোবর ২০১৩, ২১:৪২
টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ
রানের ইনিংস
রান প্রতিপক্ষ ভেন্যু সাল
৬৩৮ শ্রীলঙ্কা গল ২০১৩
৫৫৬ ওয়েস্ট ইন্ডিজ ঢাকা ২০১২
৫০১ নিউজিল্যান্ড চট্টগ্রাম ২০১৩
৪৮৮ জিম্বাবুয়ে চট্টগ্রাম ২০০৫
৪২৭ অস্ট্রেলিয়া ফতুল্লা ২০০৬
একদিন আগেও চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে এগিয়ে যাওয়ার কথা ভাবা অসম্ভব ছিল বাংলাদেশের জন্য। কিন্তু প্রায় অসম্ভবকে সম্ভব করেই ৩২ রানে এগিয়ে দিয়েছেন সোহাগ গাজী। নিউজিল্যান্ড বোলারদের শাসন করে ১০১ রানের অপরাজিত ইনিংস খেলা এই স্পিনার ব্যাট হাতেও সফল হয়ে জানিয়েছেন জয়ের জন্যই চেষ্টা করবে বাংলাদেশ।
সোহাগ গাজী গতকাল শনিবার দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে বলেন, ‘এখনও আমাদের যথেষ্ট সুযোগ আছে। আমরা ম্যাচ জেতার জন্য চেষ্টা করবো। যত তাড়াতাড়ি পারি কাল (আজ) ওদের অলআউট করার চেষ্টা করবো।’
তবে ম্যাচের যে অবস্থা তাতে অতিমানবীয় কিছু না ঘটলে ফলাফল আসাটা প্রায় অসম্ভব। আর সাইক্লোন ফাইলিনের কারণে গতকাল বিকালেও চট্টগ্রামে বৃষ্টি হয়েছে। নির্ধারিত সময়ের প্রায় এক ঘণ্টা আগেই দিনের খেলা শেষ হয়। আজও সম্ভাবনা আছে বৃষ্টির। আর উইকেট থেকে বোলাররাও তেমন একটা সুবিধা পাচ্ছে না। এই দিক বিবেচনা করলেও নিশ্চিন্ত ড্রয়ের দিকেই এগোচ্ছে চট্টগ্রাম টেস্ট, ‘উইকেটে কোন সাহায্য নাই বললেই চলে। ব্যাটসম্যানরা যদি সোজা ব্যাটে খেলে আউট করা খুব কঠিন। আমরা চেষ্টা করবো ওদের যত তাড়াতাড়ি সম্ভব আউট করার। ডট বল করার চেষ্টা করবো।’
ঘরোয়া লিগে দুটি সেঞ্চুরি আছে তার, খেলেছিলেন ১৪০ রানের এক ইনিংস। সাথে নামের পাশে আছে চারটি হাফ সেঞ্চুরি। তাই, মূলত বোলার হিসাবে দলে ডাক পাওয়া সোহাগ গাজীর জন্য দীর্ঘ ঘরানার ক্রিকেটে সেঞ্চুরি নতুন কোন ঘটনা নয়। ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরির পর নিজের অনুভূতি জানাতে গিয়ে এই ক্রিকেটারও এমনটাই বললেন, ‘সেঞ্চুরি করার পর আসলেই অনেক ভালো লাগছে। জাতীয় লিগে যেভাবে চেষ্টা করি এখানেও সেভাবেই খেলার চেষ্টা করছি। সেঞ্চুরি করে ভালো লাগছে।’
আগের দিনে ২৮ রানে দিন শুরু করা গাজী প্রথম সেশনেই হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। হেলমেট খুলে, ব্যাট তুলে দর্শকদের অভিবাদনের জবাব দেন। এরপর সেঞ্চুরি পূরণের পর গাজীর উল্লাস ছিল দেখার মতো। সেই প্রসঙ্গে তিনি বলেন, ‘আন্তর্জাতিক ম্যাচে প্রথম ফিফটি, তাই একটু বেশি এক্সাইটেড ছিলাম। আর একশটা তো অন্যরকম।’
ব্যক্তিগত অর্জনের পাশাপাশি অষ্টম উইকেট জুটিতেও নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশ। গাজী আর রবিউল হোসেনের ১০৫ রানের জুটি এখন বাংলাদেশের অষ্টম উইকেটে তৃতীয় সর্বোচ্চ রানের রেকর্ড। তাই সোহাগ গাজীর পাশাপাশি ধন্যবাদ রবিউলেরও প্রাপ্য। গাজীও এমনটাই মানছেন, ‘সে (রবিউল) আমাকে বলছিল আমার একশ’র জন্য খেলছে। আমিও বলছি তুমি যতক্ষণ আছ আমি ততক্ষণই খেলবো। সে অনেক সাপোর্ট করেছে। সত্যিই অনেক ভাল লাগছে। ওদের শেষ উইকেটের শতরানের জুটির পর আমরা নিজেদের মধ্যে বলাবলি করছিলাম, ওরা পারলে আমরা পারবো না কেন। আমরা আমাদের মতো চেষ্টা করেছি।’
নিজের সামগ্রিক পারফরম্যান্স নিয়ে কথা বলতে গিয়ে এই খেলোয়াড় বলেন, ‘এই সিরিজে বোলিং মোটামুটি হয়েছে। আর ব্যাটিং নিয়ে সন্তুষ্ট। এখন এই জিনিসটা ধরে রাখার চেষ্টা করবো।’