ব্রাজিলের টানা তিন জয়
প্রকাশ : ১২ অক্টোবর ২০১৩, ২১:৪৩
নেইমার এবং অস্কারের গোলে দক্ষিণ কোরিয়াকে ২-০ ব্যবধানে হারিয়েছে ব্রাজিল। দক্ষিণ কোরিয়ার সিওল ওয়ার্ল্ড কাপ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলাটিতে স্বাগতিকদের হারানোর মাধ্যমে টানা তৃতীয় জয় তুলে নিল কোচ লুই ফিলিপ স্কলারির দল। ব্রাজিল প্রাধান্য বিস্তার করে খেললেও গোল করার মতো সুযোগ পাচ্ছিলই না। কিন্তু ৪৪ মিনিটে কোরিয়ার লি ইয়ং নেইমারকে ফাউল করলে ফ্রি কিক পায় দলটি। সেই সুযোগে গোলবারের ২৫ গজ দূর থেকে শট নিয়ে সফরকারীদেরকে এগিয়ে দেন বার্সেলোনা তারকা। দ্বিতীয়ার্ধের শুরুতেই পলিনহোর কাছ থেকে বল পেয়ে অসাধারণ এক গোল করেন অস্কার। স্বাগতিকরা বেশ কয়েকটি সুযোগ পেলেও সেগুলো কাজে লাগাতে ব্যর্থ হয়। পাঁচবারের বিশ্বকাপ জয়ী ব্রাজিল আগের দুটি প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়া এবং পর্তুগালকে হারায়। ২০১৪ ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশটি আগামী মঙ্গলবার বেইজিংয়ে জাম্বিয়ার বিপক্ষে খেলবে।