পাকিস্তানের সাথে বাংলাদেশের ড্র
প্রকাশ : ১২ অক্টোবর ২০১৩, ২১:৪৭
ইরাকে (অনূর্ধ্ব-১৯) যুব ফুটবলে গতকাল বিকালে সি গ্রুপে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ পাকিস্তানের বিরুদ্ধে গোল শূন্য ড্র করেছে।
বাংলাদেশ প্রথম ম্যাচে ইরাকের কাছে ৬-০ গোলে হারের পর দ্বিতীয় ম্যাচে কুয়েতকে হারিয়েছিল। কিন্তু গতকাল শেষ ম্যাচে পাকিস্তানের সাথে ড্র করে। যদিও এই ম্যাচটি বাতিল হতে পারে। কারণ ই গ্রুপে এক দল নাম প্রত্যাহার করে নেয়ায় অন্যান্য গ্রুপেও শেষ ম্যাচটি বাতিল হবে বলে জানিয়েছে বাফুফে। সে ক্ষেত্রে বাংলাদেশের গ্রুপে প্রথম দু’টি ম্যাচই গুরুত্ব পূর্ণ হিসাবে বিবেচিত হবে। এএফসির এই বাছাই টুর্নামেন্টে নয় গ্রুপ থেকে নয়টি দল চূড়ান্ত পর্বে যাবে। সাথে সেরা রানার্সআপ দুটি দলও সুযোগ পাবে। বাংলাদেশ চাইছে সেরা রানার্সআপের একটি দল হতে। কিন্তু পারবে কিনা তা নিয়ে আশংকা আছে। কারণ বাংলাদেশের ভাণ্ডারে চার পয়েন্ট। গ্রুপ রানার্সআপ হিসাবে চূড়ান্ত পর্বে যাওয়ার সুযোগ খুব কম। এটা নির্ভর করবে অনেক হিসাব নিকাষের পর। তারও আগে বাংলাদেশের গ্রুপের ইরাক কুয়েত ম্যাচটির রেজাল্ট জানতে হবে। এই রিপোর্ট লেখা পর্যন্ত কুয়েত ইরাক ম্যাচটি চলছিল।