এটিপি ফাইনালে অনিশ্চিত ফেদেরার

গায়েল মনফিলসের কাছে হেরে সাংহাই মাস্টার্স থেকে বিদায় নিয়েছেন রেকর্ড ১৭ বারের গ্র্যান্ড স্ল্যাম শিরোপাজয়ী রজার ফেদেরার। টুর্নামেন্টের তৃতীয় রাউন্ডে সুইস মাস্টার গতকাল ৬-৪, ৬-৭ (৫-৭), ৬-৩ গেমে হেরে যান মনফিলসের কাছে। এ হারের ফলে বছর শেষে এটিপি ওয়ার্ল্ড ট্যুর ফাইনালে ফেদেরারের স্থান অনেকটাই অনিশ্চিত হয়ে গেল। এদিকে অঘটনের শিকার হয়েছেন আরেক শীর্ষ তারকা ডেভিড ফেরারও। ফরাসি প্রতিপক্ষের বিরুদ্ধে ম্যাচের এক পর্যায়ে মনে হচ্ছিল ফেদেরার বুঝি হেরে যাবেন সরাসরি সেটেই। প্রথম সেটের পর দ্বিতীয় সেটেও এই ৩২ বছর বয়সী পিছিয়ে পড়েছিলেন ৫-৩ গেমে। তবে দারুণ লড়াইয়ের পর ম্যাচে ফিরলেও টাইব্রেকারে শেষ পর্যন্ত হার মানতে হয় তাকে। এরপর তৃতীয় সেটেও একই পরিণতি বরণ করতে বাধ্য হন ফেড এক্সপ্রেস। টানা দ্বাদশ বারের মতো লন্ডনের ওটু অ্যারেনায় মৌসুম সমাপনী এটিপি ফাইনালে অংশ নিতে হলে র্যাংকিংয়ে শীর্ষ আটের মধ্যে থাকতে হবে ফেদেরারকে। আর সর্বশেষ র্যাংকিং অনুযায়ী সেখানে ফেদেরারের অবস্থান সপ্তম। তবে ফেদেরারের সামপ্রতিক পারফরম্যান্স আর তার নিকটতম তিন প্রতিদ্বন্দ্বী স্তানিস্ল্যাস ওয়াওরিঙ্কা, মাইলোস রায়োনিক এবং রিচার্ড গ্যাসকুয়েটের পারফরম্যান্স বলছে ঐ টুর্নামেন্টের আগে নিজের জায়গা ধরে রাখতে যথেষ্টই বেগ পেতে হবে সর্বকালের সবচেয়ে সফল পুরুষ টেনিস তারকাটিকে। তবে তৃতীয় বাছাই অ্যান্ডি মারের ইনজুরি সমস্যা ইতিবাচক ভূমিকা রাখতে পারে ফেদেরারের অংশগ্রহণের বিষয়ে। চোটগ্রস্ত মারে ইতোমধ্যে নাম প্রত্যাহার করতে বাধ্য হয়েছেন টুর্নামেন্ট থেকে। কিন্তু ফেদেরারের বিশ্বাস শেষ পর্যন্ত এমন কোন সুবিধা নেয়া ছাড়াই অংশগ্রহণ নিশ্চিত করতে পারবেন তিনি, ‘আমার বিশ্বাস তেমন কোন কিছুর উপর আমার নির্ভর করতে হবে না। আমি আসলে তেমন কিছু চাইও না। আমি শুধু বাসিল এবং প্যারিসে ভাল কিছু সময় কাটাতে চাই। এরপর যদি আমি সুযোগ পাই, তাহলেই কেবল যাওয়ার প্রশ্ন আসে।’