রপ্তানি প্রবৃদ্ধিতে
আশার আলো
প্রকাশ : ১২ অক্টোবর ২০১৩, ২২:১৩
চলতি ২০১৩-১৪ অর্থবছরের প্রথম থেকেই রফতানি প্রবৃদ্ধির ধারা বেশ ভালই। আর অর্থবছরের তৃতীয় মাস সেপ্টেম্বরে সে ধারার সঙ্গে নতুন গতি যোগ হয়েছে। জুলাই-সেপ্টেম্বর সময়ে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২১ দশমিক ২৪ শতাংশ রফতানি প্রবৃদ্ধি হয়েছে। এসময়ে ৭২৮ কোটি ডলারের লক্ষ্যমাত্রার বিপরীতের ৭৬২ কোটি ৭৯ লাখ মার্কিন ডলারের পণ্য রফতানি হয়েছে। অর্থাত্ নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে চার দশমিক ৭৭ শতাংশ বেশি রফতানি হয়েছে। আর একক মাস হিসেবে সেপ্টেম্বরে ২৫৯ কোটি দুই লাখ ডলারের রফতানি হয়েছে। যা গত অর্থবছরের একই মাসের তুলনায় ৩৬ দশমিক ২৬ শতাংশ বেশি। ইপিবির পরিসংখ্যানে দেখা গেছে, তালিকভুক্ত পণ্যের মধ্যে বেশিরভাগই নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী রফতানি হয়নি। তবে রফতানি আয়ের প্রধান দুই খাত নিটওয়্যার ও ওভেন পোশাক রফতানি হয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে অনেক বেশি। আলোচ্য সময়ে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় নিটওয়্যার খাতের রফতানি ২৪ দশমিক ৪৩ শতাংশ বেড়ে ৩১৬ কোটি দুই লাখ ডলারের রফতানি হয়েছে। যা এ তিন মাসের জন্য নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে ১৪ দশমিক ৩৭ শতাংশ বেশি। আর ওভেন পোশাক খাতে রফতানি হয়েছে ৩০৪ কোটি ৩৬ লাখ ডলারের। যা লক্ষ্যমাত্রার তুলনায় এক দশমিক ৪৩ শতাংশ এবং গতবছরের একই সময়ের তুলনায় ২৩ দশমিক ৮৯ শতাংশ বেশি। এছাড়া লক্ষ্যমাত্রা অর্জিত হওয়ার সঙ্গে প্রবৃদ্ধিও বেড়েছে স্পেশালাইজড টেক্সটাইল খাতের।
তবে হোম টেক্সটাইল খাতে লক্ষ্যমাত্রা ও প্রবৃদ্ধি অর্জনে দিক থেকে অনেকখানি পিছিয়ে রয়েছে। অন্যদিকে আলোচ্যসময়ে রফতানি আয়ে ইতিবাচক ভূমিকা রেখেছে কৃষি ও কৃষিজাত পণ্য, ফার্মাসিটিক্যালস ও কেমিক্যাল প্রোডাক্ট, চামড়া ও চামড়াজাত পণ্য, কাগজ ও কাগজজাত পণ্য, কার্পেট, ফুটওয়্যার প্রভৃতি।