২৪ অক্টোবর সংসদ বিলুপ্ত হবে না

আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ এমপি বলেছেন, ২৪ অক্টোবর সংসদ বিলুপ্ত হবে না। সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। ২৪ অক্টোবরের পর নাকি বিএনপি’র নেতৃত্বাধীন জোটের নেতৃত্বে দেশে বিশৃংখলা ও নৈরাজ্য সৃষ্টি করা হবে মূলত কিছুই হবে না। কারণ বিএনপি মনে করে তাদের জনপ্রিয়তা বেশি, তাই যদি হয় তাহলে আমরা মনে করি বিএনপি নির্বাচনে আসবে। পাঁচটি সিটি কর্পোরেশনসহ আওয়ামী লীগের পাঁচ বছরে পাঁচ হাজার ৩৭৭টি নির্বাচন সুষ্ঠু হয়েছে। তাহলে দেশে একটি শক্তিশালী নির্বাচন কমিশন থাকতে আওয়ামী লীগের অধীনে নির্বাচন করতে তাদের এত দ্বিধা কেন। তিনি দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে বলেন, আওয়ামী লীগের নেতৃত্বে সবগুলো নির্বাচন সুষ্ঠু হওয়ায় প্রমাণিত হয়েছে বর্তমান সরকারের অধীনেই সুষ্ঠু নির্বাচন সম্ভব এবং আওয়ামী লীগ একটি নিরপেক্ষ ও অবাধ নির্বাচন করতে বদ্ধপরিকর। তিনি বিএনপি জোটকে নির্বাচনে অংশ গ্রহণ করে তাদের জনপ্রিয়তা প্রমাণ করার আহবান জানান। তোফায়েল আহমদ গতকাল শনিবার ভোলা টাউন হলে জেলা শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক শ্রমিক জনসভায় প্রধান অতিথির ভাষণ দান কালে এসব কথা বলেন। তিনি বলেন, একাত্তরের চেতনা নিয়ে ঐক্যবদ্ধ হতে হবে। ভাবতে অবাক লাগে বিএনপির মত একটি দল কেমন করে যুদ্ধাপরাধীদের রায়ের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে। জেলা শ্রমিক লীগ সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে অন্যান্যর মধ্যে বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগ সেক্রেটারি আবদুল মোমিন টুলু, পৌর মেয়র মনিরুজ্জামান মনির, মোশারেফ হোসেন, শ্রমিক লীগ সেক্রেটারি শাহে আলম প্রমুখ।