পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন (সংশোধন) আইন পাস করুন

চলতি সংসদ অধিবেশনে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন (সংশোধন) আইন ২০১৩ বিল পাসের দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি। এই বিল পাস না হলে পাবর্ত্য এলাকায় অপ্রীতিকর কিছু হলে তার জন্য সরকারই দায়ী থাকবে বলে তারা জানান। জনসংহতি সমিতির নেতারা বিবৃতি দিয়ে জানিয়েছেন, নির্বাচনী অঙ্গীকার থাকা সত্ত্বেও এ সরকারের মেয়াদকালে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে আশানুরূপ অগ্রগতি না হওয়ায় জনমনে ক্ষোভ ও অসন্তোষ পুঞ্জিভূত হয়েছে। সরকারের শেষ মেয়াদে এসে ভূমি কমিশন আইন যথাযথভাবে সংশোধনের মাধ্যমে সেই ক্ষোভ ও অসন্তোষ কিছুটা হলেও লাঘবের যে সম্ভাবনা তৈরি হয়েছিল, ভূমি কমিশন আইন সংশোধনে সরকারের পিছিয়ে যাওয়ার ফলে সেই সম্ভাবনাও নিশ্চিহ্ন হয়ে যেতে বসেছে। উপরন্তু এ সরকারের প্রতি পার্বত্যবাসীর সেই পুঞ্জিভূত ক্ষোভ ও অসন্তোষ আরো জোরদার হবে। জনসংহতি সমিতি জানায়, পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন ২০০১-এর সংশোধনী প্রস্তাব চূড়ান্ত করতে এ সরকারের পাঁচ বছর মেয়াদের মধ্যে সাড়ে চার বছরাধিক সময় ক্ষেপণ করা হয়। এরপর সরকারের একেবারে শেষ মেয়াদে এসে গত ১৬ জুন ২০১৩ ত্রুটিপূর্ণভাবে ‘পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন (সংশোধন) আইন ২০১৩’ বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়। তারপর এই ত্রুটিপূর্ণ বিল সংশোধন করতে গত চার মাসে সংসদীয় স্থায়ী কমিটি তিনটি সভা আহ্বান করলেও পরিশেষে কোন সিদ্ধান্ত না নিয়ে আইনটি সংশোধনের কাজ ঝুলিয়ে রেখে দেয়।