যুক্তরাষ্ট্রে কয়েকটি পর্যটন কেন্দ্র খুলে দেয়া হলো

সরকারি কার্যক্রমে চলমান অচলাবস্থার মধ্যেই স্টাচু অব লিবার্টি ও গ্র্যাণ্ড ক্যানিয়নসহ যুক্তরাষ্ট্রের ন্যাশনাল পার্ক ও স্মৃতিস্তম্ভগুলো পুনরায় খুলে দেয়া হয়েছে। এদিকে চলমান আর্থিক সংকট থেকে বেরিয়ে আসতে জোর প্রচেষ্টা চালাচ্ছে সরকার। রিপাবলিকানদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামা। গতকালও দুইপক্ষের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে। খবর বিবিসি, রয়টার্স ও এএফপি’র। কর্মকর্তারা জানান, দেশের বিভিন্ন অঙ্গরাজ্য এসব প্রতিষ্ঠানকে সাময়িকভাবে অর্থায়নে সম্মত হবার পর এ সিদ্ধান্ত নেয়া হয়। পর্যটন কেন্দ্রগুলো পুনরায় খুলে দিতে নিউইয়র্ক, আরিজোনা, কলোরাডো ও উতাহ্ অঙ্গরাজ্যের সঙ্গে ন্যাশনাল পার্ক সার্ভিসের একটি চুক্তি হয়েছে। ১ অক্টোবর থেকে যুক্তরাষ্ট্র সরকারের কার্যক্রমে আংশিক অচলাবস্থা তৈরি হওয়ার পর থেকে এসব পর্যটনকেন্দ্র বন্ধ ছিল। চুক্তির আওতায় নিউইয়র্ক কর্তৃপক্ষ শনিবার থেকে ১৭ অক্টোবর পর্যন্ত স্ট্যাচু অব লিবার্টি চালু রাখতে ৩ লাখ ৬৯ হাজার ৩০০ মার্কিন ডলার অনুদান দিচ্ছে। যুক্তরাষ্ট্রের নতুন অর্থবছরের বাজেট অনুমোদিত না হওয়ায় সরকারি বিভিন্ন কার্যক্রমে সৃষ্ট অচলাবস্থার মধ্যে ঋণ সঙ্কট এড়াতে প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে কংগ্রেসের রিপাবলিকান নেতাদের জরুরি বৈঠকে কিছুটা অগ্রগতি হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের ঋণসীমা বৃদ্ধি ও সরকারি অচলাবস্থা কাটাতে একটি স্বল্প মেয়াদি চুক্তির বিষয়ে দুইপক্ষ সম্মত হলেও চুক্তির মেয়াদ ও শর্ত নিয়ে তারা এখনও কোনো সমঝোতায় পৌঁছতে পারেনি। শুক্রবার শেষ খবর পাওয়া পর্যন্ত এ নিয়ে দুইপক্ষের মধ্যে তীব্র দরকষাকষি চলছিল। প্রেসিডেন্ট ওবামা প্রস্তাবিত স্বাস্থ্যবীমা বিল নিয়ে বিরোধী রিপাবলিকানদের সঙ্গে দ্বন্দ্ব সরকারে অচলাবস্থার সূত্রপাত ঘটায়। ওই বিলসম্বলিত নতুন অর্থবছরের বাজেট ডেমোক্রেট সংখ্যাগরিষ্ঠ সিনেটের অনুমোদন পেলেও রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ প্রতিনিধি পরিষদ তা আটকে দেয়।