ফ্লাইওভারে টোল আদায় নিয়ে অপ্রীতিকর ঘটনা
প্রকাশ : ১২ অক্টোবর ২০১৩, ২২:৩৫
চালু হওয়ার পর দিনই টোল আদায়কে কেন্দ্র করে গতকাল শনিবার মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে অপ্রীতিকর ঘটনা ঘটেছে। দুপুরে ফ্লাইওভার ব্যবহারকারী পরিবহন শ্রমিকদের সঙ্গে টোল আদায়কারী প্রতিষ্ঠানের দায়িত্ব পালনরত কর্মকর্তাদের মধ্যে এই অপ্রীতিকর ঘটনার কারণে উভয় প্রান্তে যানবাহনের দীর্ঘ লাইন পড়ে যায়। এ সময় টোল পরিশোধ ছাড়াই কিছু যানবাহন ফ্লাইওভার দিয়ে পার হয়ে যায়। অবশ্য পরে টোল দিয়েই সব যানবাহনকে ফ্লাইওভার ব্যবহার করতে হয়েছে। পরিবহন শ্রমিকরা অভিযোগ করে, পত্রিকায় প্রকাশিত হারের চেয়ে টোল বেশি নেয়া হচ্ছে। এদিকে টোল আদায়কারী প্রতিষ্ঠান বলছে, বিভিন্ন পত্রিকায় টোলের যে হার প্রকাশিত হয়েছে তা ২০০৩ সালে নির্ধারিত। দীর্ঘ এক দশকে মুদ্রাস্ফীতি এবং আদায়কৃত টোলের ওপর সরকারের ভ্যাট ধার্য হওয়ায় সিটি কর্পোরেশনের সাথে আলোচনা করেই টোলের হার পুনঃনির্ধারণ করা হয়েছে।
মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার উদ্বোধনের আগে টোলের হার ঘোষণা করা হয়, ট্রেইলার ২০০ টাকা, ট্রাক ১৫০, বাস ১৫০, ট্রাক (চার চাকা) ১০০, মিনি বাস ১০০, পিকআপ ৭৫, মাইক্রোবাস ৫০, জিপ ৪০, কার ৩৫, অটোরিক্সা ১০, দুই চাকার বাহন ৫ টাকা। উদ্বোধনের পর সরকারের তরফ থেকে নির্ধারিত নতুন হার অনুযায়ী ট্রেইলার ৩৪৫ টাকা, ট্রাক (৬ চাকা) ২৬০, বাস ২৬০ টাকা, ট্রাক (চার চাকা) ১৭৩, মিনি বাস ১৭৩, পিকআপ ১৩০, মাইক্রোবাস ৮৫, জিপ ৭০, কার ৬০, অটোরিক্সা ১৮, দুই চাকার বাহন ১০ টাকা। নতুন হারে টোল আদায়কে কেন্দ্র করে ঘটে অপ্রীতিকর ঘটনা।
সরকারি বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) ভিত্তিতে নির্মিত এই ফ্লাইওভারটি নির্মাণ ও পরিচালনার দায়িত্বে রয়েছে ওরিয়ন গ্রুপ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার ফ্লাইওভারটির উদ্বোধন করেন। উদ্বোধনের পর ওরিয়ন গ্রুপ নিজেই এর ব্যবস্থাপনা, টোল আদায় এবং রক্ষণাবেক্ষণ করবে। চালুর পর থেকে ২৪ বছর টোল আদায় করবে ওরিয়ন গ্রুপ। টোল আদায় করেই তারা নির্মাণ ব্যয় তুলে নেবে। এরপর এটি হস্তান্তর করা হবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কাছে।