আওয়ামী লীগ হুমকি ধমকিতে ভয় পায় না: নাসিম

ঈদের পর বিরোধী দলের আন্দোলনের হুমকির জবাব দিয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, আওয়ামী লীগ আন্দোলনের হুমকি-ধমকিতে ভয় পায় না। ঈদের পর আওয়ামী লীগের নেতাকর্মীরাও মাঠে থাকবে। আওয়ামীলীগ কারো কাছে মাতা নত করবে না। আন্দোলন নৈরাজ্য সৃষ্টি করে নির্বাচন বানচালের কোন ষড়যন্ত্র বাংলার মানুষ মেনে নেবে না। তিনি বলেছেন, মানুষ হত্যা ও জ্বালাও-পোড়াও এবং মানুষের জানমালের ক্ষতিসাধন করে ক্ষমতা দখল করা যাবে না। বিরোধী দলকে নির্বাচনের জন্য প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ নির্বাচনের জন্য প্রস্তুতি নিয়ে সারা দেশে মাঠে নেমেছে। নির্বাচন কমিশন ঘোষিত নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে। সিরাজগঞ্জ সদর উপজেলার খোকসাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত শালুয়াভিটা মাঠে অনুষ্ঠিত এ জনসভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালেক। জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন প্রকৌশলী তানভির শাকিল জয় এমপি, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কেএম হোসেন আলী হাসান, আবু ইউসুফ সূর্য্য, সদর উপজেলা চেয়ারম্যান গোলাম কিবরিয়া প্রমুখ।