ঈদ ধারাবাহিক ‘বিয়ের ফুল’
প্রকাশ : ১৩ অক্টোবর ২০১৩, ২১:০৭
প্রতি ঈদের মতো এবারেও বেশ কটি চ্যানেল নাটক নির্মাতাদের দিয়ে টানা দীর্ঘ কয়েকদিন যাবত্ প্রতিদিনের ধারাবাহিক নাটক প্রচারের প্রচলন শুরু করেছে। সেই রীতি অনুযায়ী এবারের ঈদেও ৭ দিনে সাত পর্বের ধারাবাহিক হিসেবে শাহীন কবির টুটুল নির্মাণ করেছেন ‘বিয়ের ফুল’ নাটকটি। নাটকটির রচনা ও পরিচালনা টুটুলের। এতে অভিনয় করেছেন—সজল, বিন্দু, আলিফ, আরিফা মিঠুসহ অনেকে। প্রাণ আরএফএলের প্রযোজনায় এই নাটকটি মূলত বিয়ে নিয়ে নানা সাংসারিক গল্পের টানাপোড়েন। নাটকটি প্রসঙ্গে শাহীন কবির টুটুল বলেন, ‘আমি যে ক্যামেরা বা কারিগরি সহায়তায় নাটক তৈরি করেছি, তা দিয়ে আজকাল অনেকেই চলচ্চিত্র নির্মাণ করছেন। এর চেয়েও বড় কথা আমি বলব এই নাটকটির প্রথম পর্ব দেখলে দর্শককে ৭ দিন দেখতে হবে।’ ‘বিয়ের ফুল’ প্রসঙ্গে এশিয়ান টিভির অনুষ্ঠান প্রধান কামরুজ্জামান বাবু বলেন, ‘টুটুলের নির্মাণে এর আগের ঈদে আমরা ‘লুকোচুরি’ প্রচার করেছিলাম। সেটিও সাত দিনের ধারাবাহিক ছিল। দর্শকদের দারুণ সাড়া পেয়েছি বলেই বলছি এবারেও তারা নিরাশ হবেন না।’