নির্বিচারে দিরাই কলেজ ক্যাম্পাসের গাছ কর্তন

দিরাই ডিগ্রী কলেজ ক্যাম্পাসে নির্বিচারে গাছ কর্তন করা হচ্ছে। ঈদ ও পূজার ছুটিতেও গাছ কাটা থামেনি এমন অভিযোগ উঠছে। শনিবার বিকেলে কলেজ ক্যাম্পাসে গিয়ে নির্বিচারে গাছ কাটার দৃশ্য দেখা যায়। তবে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিহির রঞ্জন দাস বলেন, কলেজের সৌন্দর্য বর্ধনে মরে যাওয়া কয়েকটি গাছ কাটা হয়েছে, শতাধিক গাছ কাটার অভিযোগ গুজব। কলেজ রোডের বাসিন্দা আরশ আলী চৌধুরী বলেন, সারাজীবন দেখছি শিক্ষিত লোকজন গাছ লাগাইন, গাছ কাটার বিরুদ্ধে আন্দোলন খরইন, এখন দেখছি প্রিন্সিপাল সাব নিজেই কলেজের গাছ কেটে ফেলছেন। এতে পরিবেশ নষ্ট হচ্ছে। নামপ্রকাশে অনিচ্ছুক কলেজের একাধিক শিক্ষক বলেন, আগের প্রিন্সিপাল ৪/৫শ’ গাছ লাগিয়ে কলেজ ক্যাম্পাসকে ছায়ানিবিড় পরিবেশে রূপান্তরিত করেছিলেন, তিনি চলে যাওয়ার পর ভারপ্রাপ্ত প্রিন্সিপাল প্রায়ই গাছ কাটছেন, এটা দেখে মনে হচ্ছে তিনি আগের স্যারের কোন স্মৃতিই রাখতে চান না। কলেজ পরিচালনা কমিটির সদস্য আব্দুর রশিদ চৌধুরী বলেন, প্রিন্সিপাল মন্ত্রীর লোক, আমরার কোন সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা নেই, শুধু নামেমাত্র কমিটিতে আছি। আরেক সদস্য মুখলেছুর রহমান লাল মিয়া বলেন, কলেজের গাছ কাটার ব্যাপারে আমাদের কিছুই জানানো হয়নি।