অনলাইন জালিয়াতি

নোয়াখালীর ডাকঘরের দুই কর্মচারীকে পুলিশে সোপর্দ

নোয়াখালীর প্রধান ডাকঘরে অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে জালিয়াতি করে ২৬ লাখ ৬০ হাজার ২৬৫ টাকা আত্মসাতের অভিযোগে ডাকঘরের কম্পিউটার অপারেটর আবু সুফিয়ান চন্দন ও সহকারী পোষ্ট মাস্টার মনির চৌধুরীকে শনিবার রাতে সুধারাম থানা পুলিশে সোপর্দ করেছে কর্তৃপক্ষ। একই ঘটনায় জড়িত থাকার অভিযোগে অপর দুই কর্মচারী পোষ্টাল অপারেটর রিনা রানী মজুমদার ও ট্রেজারার শাখার কর্মচারী আবু সায়েমের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। ডাকঘরের সহকারী পোষ্ট মাস্টার জেনারেল এস এম সহিদ উল্যাহ বাদী হয়ে এ ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। আবু সুফিয়ান চন্দন ও মনির চৌধুরীকে পুলিশ গ্রেফতার দেখিয়ে গতকাল রবিবার আদালতে সোপর্দ করলে আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করে । জানা যায় গত ৮ অক্টোবর অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে টাকা আত্মসাতের ঘটনাটি প্রকাশ পায়। এ ঘটনার পর চট্টগ্রাম বিভাগীয় অতিরিক্ত পোষ্ট মাস্টার জেনারেল এস এম সফিউল তালুকদারের নেতৃত্বে একটি তদন্তকারী টিম তদন্ত করেন। শনিবার তদন্ত শেষে টাকা আত্মসাতের অভিযোগে পুলিশে সোপর্দকৃত দুইজনসহ ৪ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়।