খুলনায় দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত বিএনপি নেতা

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে জামাল উদ্দিন (৫৫) নামে এক বিএনপি নেতা গুরুতর আহত হয়েছেন। গত শনিবার রাতে নগরীর রায়েরমহল এলাকায় এ ঘটনা ঘটে। তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, রাত সাড়ে ৮টার দিকে নগরীর ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জামালউদ্দিন একজন সঙ্গীসহ মোটরসাইকেলে রায়েরমহল এলাকায় নিজের বাসায় ফিরছিলেন। তিনি বাসার কাছে আসতেই অজ্ঞাত দুর্বৃত্তরা তার মোটরসাইকেল থামিয়ে খুব কাছ থেকে তার বুকে গুলি করে। গুলির শব্দে স্থানীয়রা এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। লোকজন তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বলেন, এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।