কাহালুতে আলুর দরপতন
প্রকাশ : ১৩ অক্টোবর ২০১৩, ২১:৩২
বগুড়ার কাহালু উপজেলায় আলুর অস্বাভাবিক দর পতনে কৃষক ও ব্যবসায়ীগণ চরম বিপাকে পড়েছেন। গত বছর যে আশা নিয়ে কৃষকেরা আলু চাষ করে ছিল কিন্তু আলুর অস্বাভাবিক দরপতনে কৃষকের সে আশা এখন গুড়েবালিতে পরিণত হয়েছে। সমপ্রতি কাহালু মালঞ্চা ইউনিয়নের নারকেলি গ্রামের পাশে অবস্থিত টি’আর কোল্ডস্টোরেজে গিয়ে দেখা যায় সেখানে ৮৪ কেজি ওজনের এক বস্তা আলু ৫শ’ থেকে সাড়ে ৬ শ’ টাকায় বিক্রি হচ্ছে। অথচ প্রতি বস্তা আলুর জন্য হিমাগার ভাড়া ৩১০ টাকা এবং পরিবহন ভাড়া দিতে হয়েছে ১০০ টাকা করে সে মতে কৃষকের এখন প্রকার ভেদে এক কেজি আলুর বিক্রি দাম হচ্ছে মাত্র আড়াই থেকে তিন টাকা। আর যে সব ব্যবসায়ী অতি লাভের আশায় ঋণ নিয়ে হাজার হাজার বস্তা আলু কিনে হিমাগারে রেখেছেন তাদের চোখের সামনে চাষিদের লাখ লাখ টাকা লোকসান হওয়ায় তারা এখন ভবিষ্যত্ চিন্তায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন। আলু ও সরিষার দর পতনের কারণে এ উপজেলার কৃষককুল আলু ও সরিষা চাষের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছেন। তাই আগামীতে আলু ও সরিষা চাষের প্রতি কৃষকের আগ্রহ বাড়াতে সরকারিভাবে কৃষকদের সুযোগ সুবিধার বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন বলে অভিজ্ঞমহল মনে করেন।