তিন যাত্রী মাইক্রোবাসে উঠে মলম পার্টির খপ্পরে

তিন যাত্রী মাইক্রোবাসে উঠে মলম পার্টির খপ্পড়ে পড়ে সর্বস্ব খুইয়েছে। মাইক্রোবাসসহ মো. আকরাম শেখ (৪০) নামে এক ব্যক্তিকে পুলিশ জনতার সহযোগিতায় আটক করেছে। শনিবার রাতে বাগেরহাট-মাওয়া মহাসড়কে ফকিরহাট উপজেলার আট্টাকী এলাকায় মাইক্রোবাসসহ ওই ব্যক্তিকে আটক করা হয়। উদ্ধার হওয়া মাইক্রোবাসটি ফকিরহাট থানায় রাখা হয়েছে। প্রকৃত মালিককে কাগজপত্রসহ যোগাযোগ করতে পুলিশের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আকরাম উদ্ধার হওয়া গাড়িটি ছিনতাই করার কথা স্বীকার করেছে। তার দলের বাকিদের ধরতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আটক আকরাম শেখ বাগেরহাট সদর উপজেলার পশ্চিম সায়েড়া গ্রামের আক্কাস শেখের ছেলে। বাগেরহাটের সহকারী পুলিশ (সদর সার্কেল) সুপার মো. জাহিদুর রহমান রবিবার বলেন, শনিবার রাতে সিলভার রঙের (টয়োটা নোয়া) ঐ মাইক্রোবাসে মাদারীপুরের ঘোনাপাড়া থেকে তিন যাত্রীকে বাগেরহাটের কাটাখালীতে নামিয়ে দেয়ার কথা বলে গাড়িতে তোলা হয়। মাইক্রোবাসটি গোপালগঞ্জে পৌঁছার পর গাড়িতে আগে থেকে বসে থাকা চার ব্যক্তি কৌশলে ওই তিনযাত্রীর চোখে মলম লাগিয়ে দেয়। এবার ঐ চারজন মিলে তিন যাত্রীর কাছে থাকা মোট ৩৯ হাজার টাকা জোর করে ছিনিয়ে নিয়ে মোল্লাহাট উপজেলার মাদরাসাঘাটে তাদের নামিয়ে দিয়ে ফকিরহাটের দিকে মাইক্রোবাসটি চলে যায়। পরে ফকিরহাটের লোকজন পুলিশ নিয়ে রাস্তায় ব্যারিকেড দিলে ওই মাইক্রোবাসটি আট্টাকী এলাকায় রাস্তার পাশে থামিয়ে ৪ জন পালানোর চেষ্টা করলে জনতা ধাওয়া করে আকরাম ধরে ফেলে। বাকিরা পালিয়ে যায়।