নবীনগরে নৌকাডুবিতে শিশুর মৃত্যু
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
প্রকাশ : ১৩ অক্টোবর ২০১৩, ২১:৩২
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মহল্লা ঘাটে রবিবার এক নৌকাডুবিতে ২ বছরের এক শিশু মারা গেছে ও ২০ জন আহত হয়েছে। মৃত শিশুর নাম হাবিল আক্তার (২), পিতা জহিরুল হক, বাড়ি নাটঘর ইউনিয়নের খরিয়ালা গ্রামে। স্থানীয় সূত্র জানায়, যাত্রীবাহী ইঞ্জিন চালিত নৌকাটি মহল্লা মাদ্রাসা ঘাটে যাত্রী ওঠানো-নামানোর সময় হঠাত্ পাটাতন ভেঙ্গে নৌকাটি পানিতে তলিয়ে যায়। মাত্রাতিরিক্ত যাত্রী বহন এই দুর্ঘটনার কারণ বলে জানা গেছে।
ভাতিজার হাতে চাচা খুন
নবীনগর উপজেলার বড়াইল ইউনিয়নের রাধানগর গ্রামে ভাতিজার হাতে চাচা খুন হয়েছে। স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যায় গোসাইপুর বাজারে জমার টাকা নিয়ে চাচা মলাই মিয়ার (৫৫) সাথে ভাতিজা সফর আলীর ঝগড়া হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে উত্তেজিত সফর আলী চাচার মাথায় আঘাত করে। গুরুতর আহত অবস্থায় রাতেই মলাই মিয়াকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গতকাল রবিবার সেখানে মারা যান তিনি।